মানবপাচার মামলায় দমদমের এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সল্টলেকের একাধিক ঠিকানাতেও চলছে অভিযান।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 7 November 2025 11:12
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে ফের শহরে ইডি অভিযান (ED Raid)। এবার মানবপাচার (Human Trafficking) মামলায় দক্ষিণ দমদমে এক ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দিলেন আধিকারিকরা। সূত্রের খবর, বিরাট কোনও তথ্য উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে সল্টলেকেও তল্লাশি শুরু হয়েছে। জগদীশ সিং নামের একজনের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। ঠিক কোন মামলায় এই অভিযান, তা জানা যায়নি।
গত ৭ সেপ্টেম্বর বালি পাচার তদন্তে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় ইডি। বেহালা, ঝাড়গ্রাম-সহ রাজ্যের ২২ জায়গায় তল্লাশি অভিযান করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল আলির বিশাল তিনতলা বাড়িতে হানা দেয় তারা। সুবর্ণরেখা নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নদী থেকেই বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল। জহিরুল আলি (Jahirul Ali) নিজেও বালি কারবারের সঙ্গে যুক্ত। তাঁর বাড়ির পাশাপাশি গাড়িতেও তল্লাশি চালানো হয়।
বেহালার জেমস লং সরণীর একটি অফিসে তল্লাশি চালানো হয়। এর আরও একটি শাখা বিধাননগর সেক্টর ফাইভে রয়েছে, সেখানেও তল্লাশি হয় বলে সূত্রের খবর। ঘটনায় এই জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফকে গ্রেফতার করা হয়।
বেআইনি বিভিন্ন চক্র ভাঙতে বরাবরই সক্রিয় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED Raid)। এ শহরে একাধিকবার অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেয়েছে তারা। সম্প্রতি জাল পাসপোর্ট মামলায় উত্তর ২৪ পরগনার খড়দহ বাজারের কাছে বিটি রোড সংলগ্ন নর্মদা আবাসনেও অভিযান চলে। মনোজ কুমার গুপ্তা নামে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে আধিকারিকদের। একই মামলায় অভিযান চলে অন্যান্য এলাকাতেও।
এদিকে, বেআইনি অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) ও শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে রায়নার নামে ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের নামে ৪.৫ কোটি টাকার অস্থাবর সম্পত্তি।
ইডির দাবি, এই পদক্ষেপ 1XBet, 1XBat এবং ১XBat Sporting Lines-সহ একাধিক বেআইনি বিদেশি বেটিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে চলা তদন্তের অংশ।