ইডি সূত্রে খবর, অরুণ শরাফের বিরুদ্ধে বালি খাদান থেকে বেআইনি বালি উত্তোলন ও পাচারের অভিযোগ রয়েছে। নিয়ম মেনে লিজ নেওয়া হলেও, পরবর্তীতে তার সীমা ছাপিয়ে ব্যাপক পরিমাণ বালি তোলা হয় বলে দাবি তদন্তকারীদের।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 November 2025 22:43
দ্য ওয়াল ব্যুরো: বালি পাচার কাণ্ডে (Sand Smuggling Case) নতুন মোড়। রাজ্যে প্রথমবার এই মামলায় গ্রেফতার হলেন এক ব্যবসায়ী — জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফ। বৃহস্পতিবার বিকেলে বালি থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করে ইডি আধিকারিকরা।
ইডি সূত্রে খবর, অরুণ শরাফের বিরুদ্ধে বালি খাদান (Sand Mine) থেকে বেআইনি বালি উত্তোলন ও পাচারের অভিযোগ রয়েছে। নিয়ম মেনে লিজ নেওয়া হলেও, পরবর্তীতে তার সীমা ছাপিয়ে ব্যাপক পরিমাণ বালি তোলা হয় বলে দাবি তদন্তকারীদের।
তাদের মতে, এই অতিরিক্ত বালি পাচার করে বিশাল অঙ্কের টাকা উঠত অরুণের সংস্থার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পরে সেই অর্থ হাওয়ালা মারফত (Hawala) বিদেশে পাঠানো হতো।
ইডি সূত্রে আরও জানা গেছে, অরুণ শরাফ দীর্ঘদিন ধরেই তদন্তের নজরদারিতে ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় অভিযান চালানো হয়। বালি ট্রাকচালক থেকে সংস্থার কর্মী - কাউকেই রেহাই দেওয়া হয়নি।
দিনের শেষে বালি থেকে অরুণ শরাফকে গ্রেফতার করা হয়। তাঁর সল্টলেক ও বেহালার অফিস থেকেও বিপুল নথি বাজেয়াপ্ত করেছে ইডি।
তদন্তকারীদের দাবি, শুক্রবার সকালে আদালতে তোলার পর অরুণকে জেরা করলে এই বালি পাচারচক্রে জড়িত আরও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসতে পারে।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর বালি পাচারের তদন্তে প্রথমবার অভিযান চালায় ইডি। বেহালা, ঝাড়গ্রাম-সহ রাজ্যের ২২ জায়গায় তল্লাশি অভিযান করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল আলির বিশাল তিনতলা বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। সুবর্ণরেখা নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নদী থেকেই বেআইনি ভাবে বালি তোলা হচ্ছিল। জহিরুল আলি নিজেও বালি কারবারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁর বাড়ির পাশাপাশি গাড়িতেও তল্লাশি চালানো হয়।
বেহালার জেমস লং সরণীর একটি অফিসে তল্লাশি চালানো হয়। সেখানে জিডি মাইনিং নামে একটি সংস্থার কার্যালয় রয়েছে। সংস্থাটি বালির সঙ্গে জড়িত এবং এর আরও একটি শাখা বিধাননগর সেক্টর ফাইভে রয়েছে বলে জানা গেছে।