বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন। ইতিমধ্যে দু'দিন ধরে এই কাজ চলছে, তা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ৪৮ ঘণ্টায় কত ফর্ম বিলি হয়েছে? এই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 November 2025 22:10
দ্য ওয়াল ব্যুরো: গত মঙ্গলবার থেকে এসআইআরের কাজে বুথ স্তরের আধিকারিকরা (BLO) বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি করছেন। ইতিমধ্যে দু'দিন ধরে এই কাজ চলছে, তা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ৪৮ ঘণ্টায় কত ফর্ম বিলি হয়েছে? এই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
তথ্য বলছে, বুধবার রাত ৮টা পর্যন্ত ১ কোটি ১০ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়েছিল গোটা রাজ্যে (West Bengal)। আর বৃহস্পতিবার রাত ৮টার হিসেব বলছে সেই সংখ্যা ছাড়িয়েছে ২ কোটিরও বেশি। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২.০১ কোটি এনামুরেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্যজুড়ে।
রাজ্যে মোট ৮০,৬৮১টি বুথে এই কাজ চলছে। কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, বিএলও-দের পাশাপাশি স্বীকৃত সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট (BLA appointments) নিয়োগ করেছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পার্টির মধ্যে বিজেপি (BJP) সবচেয়ে এগিয়ে, তাঁদের নিযুক্ত বিএলএ সংখ্যা ৩৭ হাজার ৭০০। তৃণমূলের (TMC) সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬৪, সিপিএমের সংখ্যা ২৯ হাজার ১৬০ এবং কংগ্রেসের ৬ হাজার ৯৯৯।
রাজ্যের মোট ২৯৪টি কেন্দ্রের মধ্যে উত্তরের ৩টি কেন্দ্র বাদে বাকিগুলিতে শুরু হয়েছে এসআইআরের কাজ। বাকিগুলিতেও শীঘ্রই শুরু হবে। কমিশন জানিয়েছে, যাঁদের নাম ইতিমধ্যেই নির্বাচনী তালিকায় রয়েছে, তাঁদের কেবল ফর্মে প্রাসঙ্গিক তথ্য পূরণ করে জমা দিতে হবে। প্রত্যেক ভোটার ফর্মের একটি কপি BLO-র কাছে জমা দেবেন, আর অন্য কপিটি BLO স্বাক্ষর করার পর ফেরত পাবেন।
এদিকে বৃহস্পতিবার থেকেই অনলাইন ফর্ম ফিল-আপ করা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে চালু হচ্ছে এই পরিষেবা। নির্বাচন কমিশন জানিয়েছে, যাঁরা বুথ লেভেল অফিসারদের (BLO) কাছ থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করতে পারছেন না, তাঁরা এবার অনলাইনেই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।
https://ceowestbengal.wb.gov.in/ -এই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইন এনুমারেশন ফর্ম। পাশাপাশি কমিশনের ইসিআইনেট (ECI-Net) অ্যাপ থেকেও ফর্ম পূরণের সুযোগ থাকছে।
কমিশন মারফৎ জানা গেছে, প্রথমে ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। যেভাবে বিএলওদের সামনে বসে অফলাইন ফর্ম পূরণ করা হয়, ঠিক সেইভাবেই অনলাইনে তা পূরণ করতে হবে। এরপর নির্দিষ্ট নির্দেশিকা অনুসারে পূরণ করা ফর্মটি আপলোড করতে হবে।
গত মঙ্গলবার অর্থাৎ বিএলও অভিযানের প্রথম দিন থেকেই এই ফর্ম অনলাইনে দেওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকাল থেকেই চালু হল অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়া।