কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ বাড়ছে। প্রায় রোজই কোনও না কোনও রুটে মেট্রো বিভ্রাট দেখা যাচ্ছে। এই কারণে বেশিরভাগ সময়েই যাত্রীদের গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 20 September 2025 18:04
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ইস্ট-ওয়েস্ট লাইনে (East-West Route) এবার ব্যস্ত সময়ে ৮ মিনিটের বদলে ৬ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি, ট্রিপের সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ১৮৬টির পরিবর্তে ২২৬টি মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানায়।
নতুন সময়সূচি শনিবার অর্থাৎ আজ থেকেই কার্যকর হয়েছে (Kolkata Metro Service)। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময় একই থাকবে। মহালয়ার দিন রবিবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণভাবে রবিবার এই লাইনে ১০৪টি পরিষেবা থাকে। এবার বিশেষভাবে ১৩৬টি মেট্রো চালানো হবে। হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টায় ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকেও একই সময়ে প্রথম পরিষেবা শুরু হবে।
পুজোর ভিড় এবং যাত্রী সংখ্যা বেশি হওয়ায় ব্যবধান কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে ইতিমধ্যে সময়সূচি উন্নয়নের কাজ শুরু হয়েছে।
সম্প্রতি কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ বাড়ছে। প্রায় রোজই কোনও না কোনও রুটে মেট্রো বিভ্রাট দেখা যাচ্ছে। এই কারণে বেশিরভাগ সময়েই যাত্রীদের গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। বিশেষত, ব্লু লাইন ও গ্রিন লাইনে নিয়মিত বিভ্রাটের কারণে ভোগান্তি বাড়ছে। মেট্রো সূত্রে খবর, পুজোর সময় এই সমস্ত সমস্যা এড়াতে একাধিক জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুজোর দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং পরিষেবা নির্বিঘ্ন করতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ নতুন কিছু নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা বোর্ড আকারে প্রতিটি মেট্রো স্টেশনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বোর্ডগুলি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা, যাতে সব যাত্রী সহজে বুঝতে পারেন।
নতুন নিয়ম অনুযায়ী (Metro New Rules), টিকিট কাউন্টার ও গেটের সামনে ভিড় না করে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে। যাত্রীদের মালপত্রের ওজন ১৫ কেজির মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এসকেলেটর বা চলমান সিঁড়ির ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। যাত্রীদের বাম দিকে দাঁড়ানো এবং ডান দিক দিয়ে হাঁটার নিয়ম মানতে বলা হয়েছে। এসকেলেটর থেকে নামার সঙ্গে সঙ্গে সরতে হবে যাতে পিছনের যাত্রীরা সহজে নামতে পারেন। মেট্রো চত্বরে মদ্যপ অবস্থায় আসা বা অশালীন আচরণ থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।