.jpeg)
সামার কিট তুলে দিচ্ছেন সিপি। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 19 March 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: মার্চের শুরু থেকেই চড়ছে তাপদাহ (Weather)। দিনের বেলা কলকাতার গড় তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রি ছুঁয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে। এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারও ট্রাফিক পুলিশ (Traffic Police) কর্মীদের ডিউটির সময় কমানো হল।
বুধবার বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে সামার কিট তুলে দেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা (Kolkata Police Commissioner Manoj Verma)। সেখানেই একথা জানান তিনি। সিপি বলেন, "গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট করেই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। সেজন্য তাঁদের ডিউটির সময় ২ ঘণ্টা কমানো হল। এখন থেকে তাঁরা ৬ ঘণ্টা ডিউটি করবেন।"
গরমের সময় রোদে দাঁড়িয়ে ডিউটি করতে অসুবিধা হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। সেজন্য এদিন তাঁদের সামার কিট তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জলের বোতল, ওআরএস, সানগ্লাস, এবং ছাতা।
কলকাতায় ট্রাফিক পুলিশের অধীনে রয়েছেন ৫ হাজার ৫৭৮ জনপুলিশ কর্মী। এদের সকলকেই দেওয়া হবে এই সামার কিট।
আগামী ৬ এপ্রিল রামনবমী। অতীতে রামনবমীকে কেন্দ্র করে কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গোলমালের ঘটনা ঘটেছে। সেদিকে লক্ষ্য রেখে এবার রামনবনীকে কেন্দ্র করে আগে থেকেই পর্যাপ্ত ব্যবস্থাপনা করা হচ্ছে বলেও সিপি জানান।
একই সঙ্গে যাদবপুরের ঘটনায় ছাত্র গ্রেফতারি নিয়েও মুখ খোলেন সিপি। মনোজ বর্মা বলেন, "একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও বেশ কয়েক জনকে নোটিস করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। দফায় দফায় তাদেরকে ডাকা হবে।" অর্থাৎ গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে।
ফেক পাসপোর্ট করার জন্য ৬৯ জনের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে বলেও জানান সিপি। এদের মধ্যে কয়েকজন বিদেশ পালিয়ে গেছেন। তাদের ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া করা হচ্ছে বলেও জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।