বর্তমানে কলকাতার উত্তর-দক্ষিণ মেট্রো লাইনে প্রতি ৬ মিনিট অন্তর একটি মেট্রো চলে। নতুন সিগন্যাল ব্যবস্থা চালু হলে সেই ব্যবধান কমে ২ মিনিটে নামিয়ে আনা সম্ভব হবে। ফলে অফিস টাইমে যাত্রীদের চাপ অনেকটাই কমবে, বাড়বে ট্রেনের সংখ্যা ও নির্ভুলতা।

কলকাতা মেট্রো (ফাইল ছবি)
শেষ আপডেট: 11 November 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোর ইতিহাসে আসছে এক নতুন অধ্যায় (Kolkata Metro)। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা কলকাতা মেট্রো এখন আরও আধুনিক হতে চলেছে। গঙ্গার নীচ দিয়ে চলছে মেট্রো, দেশের গভীরতম স্টেশন, এবার মেট্রোয় যুক্ত হতে চলেছে এমন এক প্রযুক্তি যা বদলে দেবে শহরের পরিবহন ব্যবস্থার চিত্র। খুব শীঘ্রই কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) চালু হবে চালকবিহীন মেট্রো।
এই আধুনিক উদ্যোগের জন্য রেলের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৬৫ কোটি টাকা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে বসানো হবে অত্যাধুনিক CBTC বা Communication Based Train Control সিগন্যাল ব্যবস্থা। এই প্রযুক্তি চালু হলে ট্রেন চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, চালকের প্রয়োজন পড়বে না। যদিও শুরুতে একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট উপস্থিত থাকবেন, যাতে জরুরি পরিস্থিতিতে তিনি নিয়ন্ত্রণ নিতে পারেন।
বর্তমানে কলকাতার উত্তর-দক্ষিণ মেট্রো লাইনে প্রতি ৬ মিনিট অন্তর একটি মেট্রো চলে। নতুন সিগন্যাল ব্যবস্থা চালু হলে সেই ব্যবধান কমে ২ মিনিটে নামিয়ে আনা সম্ভব হবে। ফলে অফিস টাইমে যাত্রীদের চাপ অনেকটাই কমবে, বাড়বে ট্রেনের সংখ্যা ও নির্ভুলতা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই CBTC সিগন্যাল সিস্টেম চালু হলে মেট্রোর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। এটি এমন এক প্রযুক্তি, যা বিশ্বের আধুনিক মেট্রো শহরগুলি যেমন- দিল্লি, বেঙ্গালুরু, সিঙ্গাপুর বা লন্ডনে ব্যবহার করা হয়। কলকাতাতেও এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে।
তবে সবকিছু মিলিয়ে এই চালকবিহীন মেট্রো চালু হতে এখনও অন্তত তিন থেকে চার বছর সময় লাগবে বলে জানিয়েছেন মেট্রো আধিকারিকরা। বর্তমানে কবি সুভাষ স্টেশনের নির্মাণকাজ শেষ হওয়ার পরই শুরু হবে এই উন্নত সিগন্যালিং প্রকল্পের মূল কাজ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত এই আধুনিক প্রযুক্তি বাস্তবায়িত হলে, কলকাতার মেট্রো পৌঁছবে এক নতুন উচ্চতায়। এককথায় বলা যায়, প্রযুক্তির দৌলতে কলকাতা আবারও দেশের মেট্রো বিপ্লবের অগ্রদূত হয়ে উঠছে।