রবিবার সকালে রিজেন্ট পার্ক থানা এলাকার এক বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবার ও প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 August 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: রিজেন্ট পার্কের একটি ঘর থেকে উদ্ধার হল মধ্যবয়সী এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃতের নাম দিলীপ কুমার সাহা। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। সেখানে লেখা রয়েছে, এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এনআরসি নিয়ে আতঙ্কই হয়ত এই চরম সিদ্ধান্তের নেপথ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটবেলায় বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন দিলীপ সাহা। সেই থেকে কলকাতাতে বসবাস। কিন্তু সম্প্রতি এনআরসি এবং নাগরিকত্ব নিয়ে দেশজুড়ে চলা বিতর্ক তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। আশপাশের লোকজনের কথায়, দিলীপবাবু আশঙ্কা করছিলেন, তাঁকে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সেই আতঙ্ক থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
রবিবার সকালে রিজেন্ট পার্ক থানা এলাকার এক বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবার ও প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। রিজেন্ট পার্ক থানার পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। সুইসাইড নোটের কথাও নিশ্চিত করেছে তারা।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, এনআরসি নিয়ে সরকারের অবস্থান সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে। এই মৃত্যু তার প্রতিফলন। যদিও পুলিশ এখনই কোনও রাজনৈতিক যোগ বা বৃহত্তর ষড়যন্ত্রের কথা মানতে নারাজ। তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।