সুপ্রিম কোর্ট রাজ্যকে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ আবারও সেই রায়কে সামনে রেখেই আন্দোলন জোরদার করল।
.jpg.webp)
শেষ আপডেট: 8 February 2026 16:29
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র (DA) দাবিতে ফের রাস্তায় নামল সংগ্রামী যৌথ মঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছে সরকার- এই অভিযোগেই তাঁদের মিছিল কলকাতার পথে।
সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্যকে ২৫ শতাংশ ডিএ (DA) মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ আবারও সেই রায়কে সামনে রেখেই আন্দোলন জোরদার করল। রবিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত দীর্ঘ মিছিল হয় সরকারি কর্মচারীদের উদ্যোগে।
মঞ্চের অভিযোগ, শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিলেও রাজ্য সরকার তা মানছে না। তাঁরা দাবি করেন, ডিএ (DA Protest) নিয়ে যতগুলি নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলির কোনোটিই বাস্তবায়ন করেনি সরকার। কর্মীরা প্রশ্ন তুলছেন, তাহলে ডিএ আটকে রাখা হচ্ছে কেন?
সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পরও কেন ডিএ-র দাবিতে মিছিল করতে হচ্ছে? সাংবাদিকদের সামনে এই প্রশ্নের উত্তরে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "গত ১৪ বছরে উনি এমন গণতন্ত্র বানিয়েছেন, যেখানে সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করানোর জন্য পথে নামতে হয়।" "তবে যদি সুপ্রিম কোর্টের রায় না মানলে এই সরকারকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কাজ সরকারি কর্মচারীরা আগামী কয়েকমাসে বুঝে নেবে," কার্যত কড়া সুরে এই হুঁশিয়ারিই দেন তিনি।
এসপ্তাহেই আন্দোলনকারীরা নবান্নে (Nabanna) গিয়েছিলেন তাঁদের দাবি জানাতে। কিন্তু সিদ্ধান্ত না মিলায় তাঁরা ফের পথে নামার কথা বলেন। ভাস্কর ঘোষ জানান, “সরকার যদি সুপ্রিম কোর্টের রায় মেনে ডিএ দেয়, তাহলে শুধু কর্মীদেরই নয়, টাকাটা বাজারে ঘুরে পুরো অর্থনৈতিক চক্রও লাভবান হবে। এখন সেই চক্রটাই থমকে গেছে।” তিনি আরও বলেন, কোর্টে শুনানির সময় বিচারপতিরা রাজ্যকে কড়া ভাষায় বলেছেন, “দেখা যাচ্ছে, কর্মচারীদের অধিকার রক্ষায় টাকা নেই কিন্তু দানখয়রাতের ক্ষেত্রে আবার টাকা পাওয়া যাচ্ছে।”
সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সরকার যাতে এই রায়ের বিরুদ্ধে কোনও রিভিউ পিটিশন (Review Petition) না করতে পারে, তাই তাঁরা গণআন্দোলনকে আরও শক্তিশালী করছেন।
ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যে বকেয়া ডিএ (DA Protest) রয়েছে তা তিন মাসের মধ্যে মেটাতে হবে। সেটার ডিসবার্সমেন্ট আদালত গঠিত কমিটি শুধু স্থির করবে না তার বাস্তবায়ণের উপরও নজর রাখবে। শুধু তা নয়, ৬ মার্চের মধ্যে ২৫ শতাংশের প্রথম কিস্তি মেটাতে হবে এবং আগামী মে মাসের মধ্যে বকেয়া ডিএ-র সবটা মিটিয়ে দিতে হবে।