উত্তরপাড়ায় সিপিএম কর্মী সঞ্জীব দাস ও সুশীল দাসের ওপর হামলার অভিযোগ। মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচারের পর উত্তেজনা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কানাইপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 31 March 2026 22:55
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপাড়ায় দুই সিপিএম কর্মীর (Uttarpara CPM worker attack) ওপর হামলার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়-এর প্রচার (Minakshi Mukherjee protest) মিছিলের পরই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে লোহার রড, বাঁশ এবং লোহার চেইন দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আহত দুই কর্মী বর্তমানে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ চিকিৎসাধীন। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতে কানাইপুর থানা-র সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সিপিএম কর্মী-সমর্থকরা।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে উত্তরপাড়ার শাস্ত্রীনগর এলাকায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচার কর্মসূচি ছিল। সিপিএমের অভিযোগ, সেই কর্মসূচি থেকে ফেরার সময় দুই কর্মী সঞ্জীব দাস এবং তাঁর পুত্র সুশীল দাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে তাঁরা নিজেদের বাড়ির ভিতরে ঢুকে পড়েন। অভিযোগ, দুষ্কৃতীরা সেখানেও ঢুকে পড়ে এবং বন্দুকের পিছনের অংশ দিয়ে সুশীলের মাথায় আঘাত করে। পাশাপাশি লোহার রড, বাঁশ ও চেইন দিয়ে দু’জনকেই মারধর করা হয় এবং প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে দাবি সিপিএমের।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মী-সমর্থকরা। এরপর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কানাইপুর থানা ঘিরে বিক্ষোভ শুরু হয়।
অবস্থান বিক্ষোভ চলাকালীন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “ঘটনা কী সেটা পুলিশ বলবে। আমাদের দুই কর্মী আক্রান্ত হয়েছে। কর্মীর মায়ের গায়ে হাত দেওয়া হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।” তিনি আরও বলেন, “নির্বাচন চলছে। পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। এতক্ষণ সময় লাগছে গ্রেপ্তার করতে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।