বাসিন্দাদের অভিযোগ আরও গুরুতর, বেআইনি নির্মাণ থেকে ভোটের আগে বিরোধীদের ঘরবন্দি রাখা, সবেতেই সোনা পাপ্পু ও তার দলবলের হাত রয়েছে।
.jpg.webp)
নতুন দায়িত্ব প্রাপ্ত সিপি জ্ঞানেশ কুমার
শেষ আপডেট: 2 February 2026 12:23
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভরসন্ধেয় গোলপার্কের (Golpark Incident) কাঁকুলিয়া রোডে দুষ্কৃতী তাণ্ডবের রেশ বজায় রইল সোমবার সকালেও। প্রকাশ্যে গুলি, ভাঙচুর- খাস কলকাতায় এমন ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত কতদূর এগোল, এনিয়ে কী জানালেন কলকাতা পুলিশের নতুন দায়িত্বপ্রাপ্ত সিপি সুপ্রতিম সরকার (Supratim Sarkar)।
এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপি স্পষ্ট বলেন, "কাউকে ছাড়া হবে না।" যোগ করেন, "১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সারারাত ধরে তল্লাশি হয়েছে, এখনও পেট্রলিং চলছে।"
জানা যায়, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দুষ্কৃতীদের একটি দল এলাকায় ঢুকে বোমা ছুড়তে শুরু করে। বোমার পাশাপাশি কাচের বোতল, ইটও ছোড়া হয়। স্থানীয় কিছু মানুষের বাড়িতে ঢুকেও হামলা চালায় বলে অভিযোগ। ১০০-১৫০ লোকের জমায়েত করে ওই হামলা চালিয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে নয় থানা। ঘটনাস্থলে পৌঁছেছে রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar PS) থানার পুলিশ। ঘটনার মোকাবিলা সংক্রান্ত পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁদের বক্তব্য, আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গভীর রাত পর্যন্ত রাস্তায় জমায়েত করে বিক্ষোভ-প্রতিবাদ দেখায় তাঁরা।
সূত্রের খবর, একজনকে চপার দিয়ে কোপানোও হয়। এলাকায় এখনও ছড়িয়ে চাপ চাপ রক্ত। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, গুরুতর আহত হয়েছেন দু'জন, নাম সনৎ সিং এবং গণেশ দাস। সনতের মাথায় গভীর আঘাত রয়েছে এবং গণেশের গায়ে গুলির লাগে। এই মুহূর্তে এসএসকেএম ট্রমা সেন্টারে তাঁরা চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয় তৃণমূল কাউন্সিলর সেখানে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোটা ঘটনাই দখলদারির বিষয়। যার কেন্দ্রে রয়েছে কুখ্যাত সোনা পাপ্পুর (Sona Pappu) নাম। কে এই সোনা পাপ্পু? কার মদতে উঠেপড়ে লাগছে সে? আতঙ্কে থাকা বাসিন্দারা বলছেন, ‘এলাকার শান্তি ওরাই শেষ করে দিল।’
সোনা পাপ্পু এখন কসবা (Kasba), ঢাকুরিয়া (Dhakuria), রামলাল বাজার—তিনটে এলাকারই আতঙ্কের নাম। অভিযোগ, কলকাতা পুরসভার ৬৭ ও ৯১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে বিভিন্ন নিয়ন্ত্রণের কাজ সামলায় সে।
বাসিন্দাদের অভিযোগ আরও গুরুতর, বেআইনি নির্মাণ থেকে ভোটের আগে বিরোধীদের ঘরবন্দি রাখা, সবেতেই সোনা পাপ্পু ও তার দলবলের হাত রয়েছে। পুরসভায় মাসখানেক আগে ৫০-৫৫টি বেআইনি নির্মাণের অভিযোগ জমা পড়ে।