
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 18 February 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: বিরলের মধ্যে বিরতলম। এই যুক্তিতে বড়তলা শিশুকে ধর্ষণের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের নির্দেশ দিল কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট।
গতকাল সোমবার ৪০ দিনের মাথায় অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেছিল ব্যাঙ্কশাল আদালত। এদিন দুপুরে চূড়ান্ত সাজা ঘোষণা করেন বিচারক।
গত বছর ডিসেম্বর মাসে দুপুরে বড়তলা থানা এলাকার ফুটপাতে শুয়ে কাঁদছিল সাত মাসের এক শিশুকন্যা। যৌনাঙ্গে একাধিক ক্ষত ছিল। স্থানীয়েরা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মেলে।
ওই দিনই থানায় সাত মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ফুটপাত-নিবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টার মধ্যে তাকে ওই অবস্থায় পাওয়া যায়। ফুটপাতের যেখানে শিশুটিকে পাওয়া যায়, সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরেই থাকতেন তাঁরা। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে মেয়েকে শনাক্ত করেন বাবা-মা।
শিশুকে অপহরণ করে ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনার তদন্তে নেমে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। রাস্তার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে অণ্ডাল থেকে অভিযুক্ত রাজীব ঘোষাল (৩৪)কে গ্রেফতার করে পুলিশ। রাজীবের বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায়।
পকসো আইনে মামলা দায়ের করা হয় যুবকের বিরুদ্ধে। পুলিশ ঘটনার ২৬ দিনের মাথায় চার্জশিট পেশ করে। গেট প্যাটার্ন মেথড ও রাইট ব্লকার সিস্টেম ব্যবহার করেই তদন্তে সাফল্য আসে। সেই সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে জমা দেয় পুলিশ।