শেষবার ২০১৪-র ডিসেম্বর মাসে হয়েছিল সার্কাস। পরে মা–এজেসি বোস উড়ালপুলের কাজের জন্য বন্ধ হয়ে যায় অনুমতি। এক দশক পর সার্কাস ফেরার খবরে শোরগোল পড়তেই বিষয়টি পৌঁছে যায় আদালতে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 12 December 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: দশ বছর পর আবারও পার্ক সার্কাস ময়দানে সার্কাসের (circus returns to Park Circus) তাবু খাটানোর অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু সিদ্ধান্ত ঘোষণার পরই শুরু হয়েছে আইনি টানাপোড়েন।
দূষণকে কেন্দ্র করে জনস্বার্থ মামলার জেরে থমকে গেল সার্কাস আয়োজনের পথ। শুক্রবার সেই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে।
গত ১ ডিসেম্বর পার্ক সার্কাস ময়দানের এক প্রান্তে সার্কাস আয়োজনের ছাড়পত্র দেয় পুরসভা। শেষবার ২০১৪-র ডিসেম্বর মাসে হয়েছিল সার্কাস। পরে মা–এজেসি বোস উড়ালপুলের কাজের জন্য বন্ধ হয়ে যায় অনুমতি। এক দশক পর সার্কাস ফেরার খবরে শোরগোল পড়তেই বিষয়টি পৌঁছে যায় আদালতে।
কেন আপত্তি?
মামলাকারীর দাবি, পার্ক সার্কাস ময়দান দূষণ–সংবেদনশীল এলাকা (pollution allegations)। এর আগেও বইমেলা সরানোর পরিকল্পনা হতে এই ময়দান নিয়ে হয়েছিল বিতর্ক। ২০০৮ সালে হাইকোর্ট দূষণের কারণে বইমেলা সরে যাওয়ার নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ—দূষণ পর্ষদের বিধি না মেনেই অনুমতি দিয়েছিল পুরসভা। একই যুক্তিতে এবার সার্কাস নয়—এমনই দাবি মামলাকারীর।
এদিন এজলাসে সার্কাস আয়োজনের অনুমতি দেওয়ার কথা স্বীকার করেছে কলকাতা পুরসভা। তবে অনুমতি দিতে গিয়ে দূষণবিধি মানা হয়েছে কি না—সে বিষয়ে এখনও স্পষ্ট নয়।
হাইকোর্ট মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছে—মামলাকারীর সুনির্দিষ্ট দাবিগুলি কী, তা হলফনামায় জানাতে হবে। আগামী বুধবারের মধ্যে জমা দিতে হবে সেই হলফনামা।
সার্কাস ফিরবে কি ফিরবে না—এখন নজর হাইকোর্টের পরবর্তী পদক্ষেপে।