
প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 February 2025 11:06
দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা খাস কলকাতায়। আর তার জেরে আক্রান্ত পুলিশ! গার্ডেন রিচে মার খেতে হল এক অফিসার এবং মহিলা সিভিক ভলেন্টিয়ারকে। তাঁর দুজনেই এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
বুধবার রাতে গার্ডেন রিচের পাহাড়পুর রোডের বাঁধাবটতলা এলাকায় গন্ডগোল বাঁধে। সরস্বতী ঠাকুর নিয়ে শোভাযাত্রার সময়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে সাব ইন্সপেক্টর অরুণ মাইতি এবং তাঁর সঙ্গে থাকা মহিলা সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় মেটিয়াবুরুজের শিবনগর ইয়ং স্টার ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে ঠিক কারণে গন্ডগোল বেঁধেছিল আর কেন হঠাৎ পুলিশের ওপর তাঁরা চড়াও হল, তা জানা যায়নি।
এবার সরস্বতী পুজো নিয়ে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে। জেলায় তো বটেই, কলকাতার যোগেশ চন্দ্র ল কলেজে সরস্বতী পুজো হওয়া নিয়ে গন্ডগোল হয়। শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় পুজো হয়। কলেজের ছাত্র-ছাত্রীদের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। এই অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। একই সঙ্গে এও বলে, থ্রেট কালচার বন্ধ করতে হবে। এই ঘটনার রেশ না কাটতেই ফের সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঝামেলা শহরে।