কবি সুভাষ–কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ) মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগোনোর লক্ষ্যে চিংড়িঘাটায় নতুন ডাইভারশন চালু করা হল।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 22 January 2026 14:25
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ ঘিরে অবশেষে আশার আলো। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কড়া মনোভাব দেখাতেই নড়েচড়ে বসল কলকাতা পুলিশ (Kolkata Police)। কবি সুভাষ–কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ) মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগোনোর লক্ষ্যে চিংড়িঘাটায় নতুন ডাইভারশন চালু করা হল।
মেট্রোর কাজ যাতে আর থমকে না থাকে, সেই কারণেই উত্তরমুখী— অর্থাৎ সায়েন্স সিটির দিক থেকে উল্টোডাঙার দিকে যাওয়া যানবাহনের জন্য ক্যাপ্টেন ভেড়ির লাগোয়া অংশ দিয়ে নতুন রাস্তা খুলে দেওয়া হয়েছে। এই রাস্তা ব্যবহার করে যান চলাচল শুরু করেছে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, ক্যাপ্টেন ভেড়ির দিক থেকে প্রায় ৪৫০ মিটার অংশে রাস্তা ঘুরিয়ে চিংড়িঘাটা উড়ালপুল পার করিয়ে বাঁ দিক দিয়ে গাড়ি বের করার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, মেট্রো করিডরের নীচ দিয়ে তৈরি এই রাস্তা বহু মাস আগেই প্রস্তুত ছিল। চিংড়িঘাটা উড়ালপুলে ওঠার আগেই রাস্তাটিকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে যান চলাচল নিয়ন্ত্রণে থাকে।
উল্টোডাঙা ট্রাফিক গার্ড সূত্রে খবর, নতুন ব্যবস্থায় বাস ও মালবাহী গাড়িগুলি ক্যাপ্টেন ভেড়ির সামনে দিয়ে ঢুকে চিংড়িঘাটার দিকে বেরোবে। তবে বাইক, ট্যাক্সি ও ছোট গাড়ি আগের মতোই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়েই চলাচল করবে।
চিংড়িঘাটা মেট্রোর মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ নিয়েই এতদিন অচলাবস্থা তৈরি হয়েছিল। রেল বিকাশ নিগম লিমিটেড ও কলকাতা মেট্রোর তরফে দীর্ঘদিন ধরে রাজ্য প্রশাসন ও কলকাতা পুলিশকে অনুরোধ করা হচ্ছিল, রাতে অন্তত তিন দিন চিংড়িঘাটার বাইপাসের অংশ বন্ধ রাখার অনুমতি দিতে। কিন্তু তাতে সাড়া না মেলায় বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে।
সেখানেই প্রধান বিচারপতি রীতিমতো ভর্ৎসনা করেন রাজ্য প্রশাসন ও কলকাতা পুলিশকে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জটিলতা মেটানোর নির্দেশ দেন তিনি। তার পরই দ্রুত পদক্ষেপ, বহু আগে তৈরি হয়ে থাকা রাস্তা খুলে দেওয়া হল যান চলাচলের জন্য।
যদিও কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানান, “এই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রোর সঙ্গে আমার কথা হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য আলোচনা চলছে।”
ট্রাফিক পুলিশের একাংশের মতে, নতুন ডাইভারশন চালু হওয়ায় ব্যস্ত সময়েও চিংড়িঘাটা ফ্লাইওভারে ওঠার মুখ ফাঁকা থাকবে। পাশাপাশি, রাতে রাস্তা ব্লক করে কাজ চললেও আর তেমন সমস্যা হবে না।
তবে উত্তরমুখী রাস্তার জট কাটলেও দক্ষিণমুখী অর্থাৎ সায়েন্স সিটি বা গড়িয়া অভিমুখী যানবাহন কোন পথে চালানো হবে, তা নিয়ে এখনও আলোচনা চলছে। কলকাতা ট্রাফিক সূত্রের খবর, সেই সমাধানসূত্র খোঁজার কাজও শুরু হয়ে গিয়েছে।