
শেষ আপডেট: 3 September 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার-নির্দেশকরা। ২০১৭ সালে রাজ্য নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ দেওয়া হয়েছিল নাট্যকার চন্দন সেনকে। সেই পুরস্কার ফিরিয়ে দিতে চান চন্দন সেন। প্রতিবাদীদের সঙ্গে এক হয়ে বাঁচতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। অন্যদিকে সম্মাননা ফিরিয়ে দিতে চাইলেন নাট্য নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও। সেরা নির্দেশক হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি সম্মান পেয়েছিলেন তিনি।
বিপ্লব বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য সরকারের পুরস্কার মানেই সীমাহীন আনুগত্য প্রকাশ করতে হবে। সেটা সম্ভভ নয়। তাই পুরস্কার ফিরিয়ে দিতে চাই।" পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার টাকাও ফিরিয়ে দিতে চান শিল্পী।
প্রতিবাদীদের খোঁচা দিয়ে পুরস্কার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি নিজেও একজন অভিনেতা। তাঁর এমন মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। চাপে পড়ে ক্ষমাও চান কাঞ্চন। তার আগেই অবশ্য নিজের পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন। মঙ্গলবার পুরস্কার ফেরালেন নাট্য নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই তাঁরা রাজ্যে তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিবের কাছে মেল পাঠিয়েছেন বলে জানিয়েছেন।