মঙ্গলবার সকালেই মা উড়ালপুলে একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক আরোহী।
দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যানজটে নাজেহাল হন নিত্যযাত্রীরা।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরানো হচ্ছে মা উড়ালপুল থেকে
শেষ আপডেট: 16 December 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে (Maa Flyover)। একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক আরোহী (Bike Rider)। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, মা উড়ালপুলে চলন্ত একটি গাড়ি প্রথমে ডিভাইডারে (Divider) ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়িটি উল্টো দিকের লেনে চলে আসে এবং সামনে আসা আরেকটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এরপর সেই গাড়িতে ধাক্কা খায় একটি বাইকে। সংঘর্ষের জেরে বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ।
তবে কয়েকজন বলছেন, দুর্ঘটনার পর বাইক আরোহীকে কিছুক্ষণ রাস্তার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে অ্যাম্বুল্যান্স (Ambulance) ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানাচ্ছে, দুর্ঘটনার পর ওই গাড়ির চালকের কোনও খোঁজ মেলেনি। আশপাশের গাড়িচালকদের অনুমান, দুর্ঘটনার পর সুযোগ বুঝে তিনি পালিয়ে গিয়েছেন।
মা উড়ালপুলে গাড়ি চালানোর ক্ষেত্রে গতির ঊর্ধ্বসীমা (Speed Limit) নির্দিষ্ট করা রয়েছে। কিন্তু সেসব খুব একটা তোয়াক্কা করেন না কেউই। বিশেষ করে রাতের দিকে বেপরোয়া গতি প্রাণ কাড়ে বহু মানুষের। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল বেলা পুলিশ থাকে ফ্লাইওভারে, তাও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি যথেষ্ট জোরেই আসছিল। সংঘর্ষের অভিঘাতে একাংশ দুমড়ে-মুচড়ে যায়। তাঁদের অনুমান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও মা উড়ালপুলে পরপর গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তখন একটি গাড়ি পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই ফের একই উড়ালপুলে দুর্ঘটনা।
এই ঘটনার জেরে মঙ্গলবার মা উড়ালপুলে কিছুক্ষণ যানজট (Traffic Jam) তৈরি হয়। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল আবার স্বাভাবিক গতিতে শুরু হয়।