মঙ্গলবার শিয়ালদহ আদালতে আরজি কর মামলায় চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কিন্তু আগের মতোই এই রিপোর্টেও খুশি হয়নি নির্যাতিতার পরিবার।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 June 2025 03:47
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) আরজি কর মামলায় (RG Kar Case) চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট (Status Report) জমা দিয়েছে সিবিআই (CBI)। কিন্তু আগের মতোই এই রিপোর্টেও খুশি হয়নি নির্যাতিতার পরিবার। তাঁদের আইনজীবীর বক্তব্য, তদন্তের অগ্রগতি আদৌ হচ্ছে কিনা, সেটাই বোঝা যাচ্ছে না। কারণ বিস্তারিত কোনও তথ্যই নেই স্ট্যাটাস রিপোর্টে।
ঘটনার রাতে আরজি করের ওই তরুণী চিকিৎসকের সঙ্গে শেষবার যাঁরা ছিলেন তাঁদের হেফাজতে নেওয়া তো দূর, এখনও পর্যন্ত ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অর্থাৎ 'লাস্ট সিন থিওরি' (Last Seen Theory) মেনে তদন্ত না হওয়ার অভিযোগ তুলেছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। সিবিআই-এর বিরুদ্ধে আগেও একই অভিযোগ ছিল। দাবি করা হয়েছে, ওই রাতে নিহত চিকিৎসকের সঙ্গে চারজনের ছিলেন। কেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে না, সেই প্রশ্নই তোলা হয়েছে।
নির্যাতিতার বাবা-মা শুরু থেকেই সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসেছেন। এখন ক্ষোভের সুরে তাঁদের এও দাবি, টাকা নিয়ে তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে! পুরনো স্ট্যাটাস রিপোর্টের পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে বলার অভিযোগও তুলেছেন তাঁরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাফ কথা, তাঁরা এখনও তদন্ত করছে। সিসিটিভি ফুটেজও (CCTV Footage) খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু নির্যাতিতার পরিবারের আইনজীবী এই বিষয়টি নিয়েই সবথেকে বেশি প্রশ্ন তুলেছেন।
শিয়ালদহ আদালতের বিচারকও তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। সিবিআই উদ্দেশে বলেছেন, একজন সরকারি ডাক্তার তাঁর কর্মক্ষেত্রে খুন হয়েছেন, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা। সেটাকে গুরুত্ব দিয়েই দেখা উচিত। সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট দেখার পর বিচারক জানতে চান - যাদের বয়ান রেকর্ড করা হয়েছে সেই বয়ান কোথায়? সেই তথ্য আপাতত দিতে পারেননি সংস্থার আইনজীবীরা।
এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ জুলাই। সেদিনও একটি রিপোর্ট জমা দেবে সিবিআই। এখন দেখার সেই রিপোর্টে বিস্তারিতভাবে কিছু উল্লেখ করা থাকে কিনা।