শব্দের মাত্রা পৌঁছে যাচ্ছে ১২০ থেকে ১৩০ ডেসিবেলে, যেখানে রাজ্যে সীমা নির্ধারিত রয়েছে ৬৫ ডেসিবেল। এর ফলে বয়স্ক মানুষ থেকে শুরু করে পড়ুয়াদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

ফাইল ছবি
শেষ আপডেট: 18 August 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ডিজে (DJ) বাজানো নিষিদ্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। সেই প্রেক্ষিতে হলফনামা তলব করা হয়েছে।
রাজ্যে যথেচ্ছ ডিজে বাজনা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়েছে আদালতে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার (State Govt) ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
আদালতে মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও রাতুল সরকার অভিযোগ করেন, রাজ্যজুড়ে নির্দ্বিধায় ডিজে বাজানো হচ্ছে। শব্দের মাত্রা পৌঁছে যাচ্ছে ১২০ থেকে ১৩০ ডেসিবেলে, যেখানে রাজ্যে সীমা নির্ধারিত রয়েছে ৬৫ ডেসিবেল। এর ফলে বয়স্ক মানুষ থেকে শুরু করে পড়ুয়াদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
আইনজীবীদের বক্তব্য, কাগজে নিয়ম থাকলেই চলবে না, প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একান্তই যদি ডিজে বাজাতে হয় তাহলে শব্দবিধি মানা বাধ্যতামূলক করতে হবে। কিন্তু তাঁদের দাবি, বারংবার অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত এই বিষয়ক কোনও ব্যবস্থাই নেয়নি রাজ্য প্রশাসন।
তবে রাজ্য সরকার ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে হলফনামা দিয়ে জানানো হয়েছে, সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এদিন আদালত স্পষ্টত নির্দেশ দিয়েছে, আগামী শুনানিতে সুপ্রিম কোর্টের ডিজে সম্পর্কিত নির্দেশিকা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ১৯ সেপ্টেম্বর।