স্থানীয় সূত্রের খবর, বাগ বাজারের নিবেদিতা লেনে একটি নির্মীয়মাণ বহুতল তৈরি হচ্ছে। এদিন সকালে সেই বহুতল থেকে কালো ধোঁওয়া বেরোতে দেখে স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হয়

ফাইল ছবি।
শেষ আপডেট: 17 May 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে বাগ বাজারের (Bagbazar) একটি নির্মীয়মাণ বহুতল (multi-storey building) থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ (burnt body ) উদ্ধারকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শ্যামপুকুর থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা হতে পারে। সম্ভবত খুন করার পরই তথ্যপ্রমাণ লোপাটের জন্য দেহতে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে মনাতদন্তের আগে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
শুক্রবার দুপুরে দমদম ক্যান্টনমেন্ট ( Dumdum Cantonment) এক নম্বর রেলগেট সংলগ্ন জ্যোতিনগরে এক অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দি অবস্থায় আধপোড়া দেহ উদ্ধার হয়েছিল। পুলিশের অনুমান, খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। ওই ঘটনায় এখনও কোনও অভিযুক্ত গ্রেফতার হয়নি। এরই মধ্যে বাগ বাজারের ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়েছে শহরে।
স্থানীয় সূত্রের খবর, বাগবাজারের নিবেদিতা লেনে একটি নির্মীয়মাণ বহুতল তৈরি হচ্ছে। এদিন সকালে সেই বহুতল থেকে কালো ধোঁওয়া বেরোতে দেখে স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হয়, তিনি বহুতলে ঢোকেন। এরপরই দেখতে পান একটি দেহ পুড়ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা জানতে ঘটনাস্থলের ধারেকাছের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।