
ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 24 February 2025 23:47
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত ৮টা। ৯৭/এ হরিশ মুখার্জী স্ট্রিট এ একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দু'টি বাক্স পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
সন্দেহজনকভাবে পড়ে থাকা বাক্স ঘিরে কালীঘাটের একাংশে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। আসেন বম্ব স্কোয়াডের সদস্যরাও।
পরে বম্ব স্কোয়াডের সদস্যরা বাক্সগুলি পরীক্ষা করে দেখেন, সেগুলি ওষুধের খালি বাক্স। প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই কে বা কারা পরিকল্পিতভাবে এঘটনা ঘটিয়ে থাকতে পারে। এবিষয়ে নিশ্চিত হতে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংশ্লিষ্ট এলাকায় রাস্তার পাশে একটি নির্মীয়মাণ বাড়ির সামনের ফুটপাতে একটি গাছের পাশে খালি বাক্সদুটি সীল করে রাখা ছিল। বাইরে থেকে দেখলে মনে হবে বাক্সর ভিতরে কিছু আছে। তা থেকেই এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ এসে রাস্তার একদিকের যান চলাচল নিয়ন্ত্রণ করে। পরে বম্ব স্কোয়াডের সদস্যরা এসে পরীক্ষা নিরীক্ষার পর বাক্সগুলি খুলে দেখেন সেগুলি ফাঁকা।
ঘটনাস্থলের কিছুটা দূরেই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ফলে এর নেপথ্যে অন্য কোনও ইঙ্গিত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।