গত দু’দিন ধরে তাঁকে হোটেলের ঘর থেকে বের হতে দেখা যায়নি। এতে সন্দেহ হওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাঁর নিথর দেহ উদ্ধার করে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 August 2025 22:49
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ভিআইপি রোডের একটি হোটেল (Kolkata Hotel) থেকে সোমবার উদ্ধার হল এক বিএসএফ জওয়ানের দেহ (BSF Jawan Death)। মৃতের নাম মঙ্গল ভিলান (৪৩), পাঞ্জাবের বাসিন্দা। দিল্লির সিজিও কমপ্লেক্সে (Delhi CGO Complex) তাঁর কর্মস্থল ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই এক মাসের ছুটি নিয়ে বাড়ি গেছিলেন মঙ্গল। ৩ অগস্ট পাঞ্জাব থেকে বিমানে কলকাতায় আসেন তিনি। ৭ তারিখ কাজে যোগ দেওয়ার কথা থাকলেও দিল্লি ফেরার বদলে কলকাতার ওই হোটেলে উঠেছিলেন।
গত দু’দিন ধরে তাঁকে হোটেলের ঘর থেকে বের হতে দেখা যায়নি। এতে সন্দেহ হওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাঁর নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু হয়েছে। হোটেলে থাকাকালীন প্রায় প্রতিদিনই প্রচুর মদ্যপান করতেন তিনি।
ইতিমধ্যে বিমানবন্দর থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে তা পাঠিয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হবে আরজি কর হাসপাতালে।
পুলিশ এসে বুঝতে পেরেছিল যে মৃতদেহ পচতে শুরু করেছে। তাহলে কোনও গন্ধ বেরোল না কেন? হোটেল কর্তৃপক্ষের বক্তব্য, হোটেলের রুমে এসি চালু থাকায় দুর্গন্ধ ছড়ায়নি। ফলে তারাও কোনও কিছু সন্দেহ করেনি।
তবে কেন ওই জওয়ান পাঞ্জাবের বাড়ি কিংবা দিল্লির কর্মস্থলে না গিয়ে কলকাতায় এসেছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।