মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় উপস্থিত তখন বিজেপি বিধায়করা বাইরে 'চুপ' লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হন।

বিধানসভায় বিক্ষোভ বিজেপির
শেষ আপডেট: 24 June 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিজেপির (BJP) অগ্নিমিত্রা পল, মনোজ ওঁরাও, দীপক বর্মন, শংকর ঘোষকে বিধানসভার (Bidhansabha) পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার বিধানসভা বয়কট করল বিজেপি (BJP)! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় উপস্থিত তখন বিজেপি বিধায়করা বাইরে 'চুপ' লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হন।
গত বৃহস্পতিবার একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাঁদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ। সোমবার বিধানসভার শুরুতেই এই বিষয়ে পয়েন্ট অফ অর্ডার তোলেন অশোক লাহিড়ি। তিনি বলেন, কোন আইনে তাঁর বক্তব্য বাদ দেওয়া হল, তা অধ্যক্ষকে জানাতে হবে। জবাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য, এরপরই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ।
এরপর মার্শাল ডেকে চলতি অধিবেশন থেকে চার চারজন বিজেপি বিধায়ককে বের করে দেওয়া হয়। কণ্ঠ রোধ করা হচ্ছে, এই প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেই রেশ এখনও বজায় রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি। কক্ষে না ঢুকেই বাইরে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বিধায়করা।
এদিকে বিজেপি বিধায়কদের আচরণ নিয়ে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বলেন, এহেন আচরণ কোনওভাবে বরদাস্ত করা যাবে না। বিমানের কথায়, "বিজেপির বিধায়করা এমন শুরু করলেন, এমনভাবে কাগজ ছিঁড়তে শুরু করলেন যে আমার খারাপ লাগছিল। আমার চেয়ার থেকে ওঁদের অনুরোধ করার পরেও কোনও রকম কথা শুনছিলেন না। এরপরই চারজনকে এই সেশন পর্যন্ত সাসপেন্ড করা হয়।"