রাকেশ সিং বিজেপির বিতর্কিত নেতা হিসেবে পরিচিত। কংগ্রেস দফতরে হামলার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর ফের তাঁর নাম জড়াল হিংসা ও দখলদারির ঘটনায়। ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।

রাকেশ সিং
শেষ আপডেট: 28 October 2025 00:12
দ্য ওয়াল ব্যুরো: ফের পুলিশের জালে (Arrest) বিজেপি নেতা (BJP Leader) রাকেশ সিং (Rakesh Singh)। কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে জামিনে মুক্তি পান। কিন্তু এবার ফ্ল্যাট দখল ও মারধরের অভিযোগে ফের তাঁকে গ্রেফতার করল পুলিশ।
কলকাতার কসবা (Kolkata Kasba) এলাকার একটি বহুতলে ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে শুরু হয় বচসা, যা পরে রূপ নেয় মারধরে। অভিযোগ উঠেছে, রাকেশ সিং দলবল নিয়ে গিয়ে ফ্ল্যাটের মালিক ও তাঁর ছেলেকে মারধর করেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রও বেরিয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা গেছে, কসবার ওই বহুতলে রাকেশ সিংয়ের একটি ফ্ল্যাট (Flat) রয়েছে। সেই একই বিল্ডিংয়ের আরেকটি ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সোমবার সেই ফ্ল্যাটের মালিক চন্দু খাঁ শ্রমিক নিয়ে সেখানে জিনিসপত্র সরাতে গেলে রাকেশ নাকি দলবল নিয়ে হামলা চালান। এই ঘটনায় চন্দু খাঁ ও তাঁর ছেলে সপ্তর্ষি খাঁ গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, হামলাকারীদের হাতে বন্দুক ও ছুরি ছিল। বন্দুকের বাঁট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে দাবি পরিবারের। ঘটনার পরেই কসবা থানার পুলিশ রাকেশ সিং, তাঁর ছেলে শিবম ও মেয়ে সিমরনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, রাকেশ সিং বিজেপির বিতর্কিত নেতা হিসেবে পরিচিত। কংগ্রেস দফতরে হামলার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর ফের তাঁর নাম জড়াল হিংসা ও দখলদারির ঘটনায়। ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।