দেহের পাশে রাখা একটি সুইসাইড নোট। তাতে লেখা, ‘দেখার কেউ নেই।’

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 August 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: দেহের পাশে রাখা একটি সুইসাইড নোট। তাতে লেখা, ‘দেখার কেউ নেই।’ বেহালার বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পর্ণশ্রী থানার পুলিশ অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতার নাম সর্বাণী পাল। জানা গিয়েছে, নানারকম অসুখে ভুগছিলেন ৬৯ বছরের ওই বৃদ্ধা। পর্ণশ্রী থানা এলাকার বকুলতলায় এক দোতলা বাড়িতে থাকতেন স্বামী-স্ত্রী। এক ছেলে থাকেন আমেরিকায়। এদিকে স্বামী মৃণালকান্তিও দীর্ঘদিন ধরে অসুস্থ। পুলিশ মনে করছে, সন্তান কাছে না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা।
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাতে আমচকাই গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। স্বামী কিছু বুঝতে পারার আগেই ঘটে যায় মর্মান্তিক ওই ঘটনা। কোনওরকমে স্ত্রীকে উদ্ধার করেন তিনি। প্রতিবেশীদের সহযোগিতায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।
ডিপ্রেশনে ভুগছিলেন সর্বাণী, নাকি গায়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা বিশদে খতিয়ে দেখছে পুলিশ।