গত বৃহস্পতিবার সোশ্যাল মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়। তাতে বোলপুর থানার আইসির উদ্দেশে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal Viral Audio) নোংরা গালিগালাজ করতে শোনা যায়।

আক্রান্ত ট্রাফিক পুলিশ কর্মী।
শেষ আপডেট: 5 June 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: বোলপুরের পর এবার মহেশতলা। গত বৃহস্পতিবার সোশ্যাল মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়। তাতে বোলপুর থানার আইসির উদ্দেশে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal Viral Audio) নোংরা গালিগালাজ করতে শোনা যায়। আইসিকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। ওই ঘটনার রেশ অব্যাহত। তারই মধ্যে এবার কলকাতার মহেশতলায় (Maheshtala) আক্রান্ত হলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক কর্মী (Beat traffic police on duty)।
অভিযোগ, গোলমাল থামাতে গিয়ে এক ব্যক্তির হাতে প্রহৃত হয়েছেন মহেশতলা থানার অন্তর্গত ডাকঘর মোড় এলাকার কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী। অভিযুক্ত ব্যক্তি ট্রাফিক পুলিশের কিয়স্কেও ভাঙচুর চালিয়েছে।
সাত দিন পরেও অনুব্রতর বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ না নেওয়ায় পুলিশের নিচুতলার মধ্যে থেকেই প্রশ্ন উঠছিল। একান্ত আলাপচারিতায় তাঁরা আশঙ্কা করছিলেন, যেভাবে আইসিকে এবং তাঁর মা ও স্ত্রীকে উদ্দেশ্য করে ফোনে অশ্লীল গালিগালাজ করা হয়েছে তারপরও অনুব্রতর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করা হলে পুলিশের প্রতি মানুষের এমন আচরণ বাড়তে পারে। মহেশতলার ঘটনার পর সেই আশঙ্কা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
কী ঘটেছিল? ট্রাফিক পুলিশের আক্রান্ত কর্মী গৌর সর্দার বলেন, "বুধবার রাত আটটা নাগাদ ডাকঘর মোড় এলাকায় ডিউটি করছিলাম। হঠাৎ দেখি এক টোটো চালকের সঙ্গে এক ব্যক্তির ঝামেলা হচ্ছে। আমি গিয়ে কারণ জিজ্ঞেস করতেই ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারধর শুরু করে। পুলিশ কিয়স্কেও ভাঙচুর চালায়।"
অভিযোগ, পুলিশকে উদ্দেশ্য করে অভিযুক্ত অশ্লীল গালিগালাজও করে। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটকে রাখেন। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ধৃতকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে, হঠাৎ পুলিশকে গালিগালাজ এবং মারধরের কারণ কী?