অভিযুক্তের বয়স ২৮ বছর। বিকেল ৪টা ৭ মিনিট নাগাদ বিক্রমগড়ের ৬/এ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করে পুলিশ।

ধৃত মডেল
শেষ আপডেট: 31 July 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার গলফগ্রিন (Golfgreen) থানার বিক্রমগড় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মঙ্গলবার গ্রেফতার (Arrest) করা হল শান্তা পাল নামে এক মহিলাকে। অভিযুক্তের বয়স ২৮ বছর। বিকেল ৪টা ৭ মিনিট নাগাদ বিক্রমগড়ের ৬/এ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করে পুলিশ।
জানা গেছে, ওই মহিলার বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল। দীর্ঘ তল্লাশির পর তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহজনক নথিপত্র। যার মধ্যে রয়েছে বাংলাদেশের একাধিক পাসপোর্ট (তাঁরই নামে), বাংলাদেশের রিজেন্ট এয়ারওয়েজের কর্মী পরিচয়পত্র, ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ্যাডমিট কার্ড এবং ভারতের বিভিন্ন ঠিকানাভিত্তিক আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড।
এই বিপুল পরিমাণ নথি উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নথিগুলি ভুয়ো এবং অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশ— দুই দেশের পরিচয়পত্র ব্যবহার করে বেআইনি কার্যকলাপে যুক্ত থাকতে পারেন। তদন্তকারীদের একাংশের আশঙ্কা, এই ধরনের নথিপত্র জালিয়াতির সঙ্গে বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে।
পুলিশ সূত্রে খবর, নথিগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং কীভাবে এই সমস্ত ভারতীয় নথিপত্র তিনি পেয়েছেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানার জন্য তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থাও।