তদন্ত ও বিচার প্রক্রিয়া থেকে অব্যাহতির আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্য। তবে সেই আর্জিতে হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

মানিক ভট্টাচার্য
শেষ আপডেট: 28 July 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) পরিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল। কিন্তু তাঁরা স্বস্তি পেল না। পরিবারের আর্জিতে সাড়া দিল না আদালত।
তদন্ত ও বিচার প্রক্রিয়া থেকে অব্যাহতির আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্য। তবে সেই আর্জিতে হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
নিম্ন আদালতে যেভাবে বিচার চলছে, তাতে এই মুহূর্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এখনই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে না।
তবে আদালতের নির্দেশ, তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী এবং পুত্র — তিনজনের বিরুদ্ধেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তে সহযোগিতা ও আদালতের নির্দেশ পালনে ত্রয়ীর ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন।
এই মামলায় পরবর্তী শুনানির আগে তদন্ত কতদূর এগিয়েছে এবং বিচার কী অবস্থায় রয়েছে, তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে।