আন্দোলনকারীদের বক্তব্য, গত ১৫ তারিখ স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করার সময় চাওয়া হয়েছিল। তখন জানানো হয়, তিনি ছুটিতে থাকবেন। তাই ২১ তারিখ স্বাস্থ্যভবনে এসে দাবিদাওয়া জানাতে বলা হয়। সেই নির্দেশ মেনেই বুধবার স্বাস্থ্যভবন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 21 January 2026 13:58
দ্য ওয়াল ব্যুরো: বেতনবৃদ্ধি, কাজের চাপ ও সামাজিক সুরক্ষার দাবিতে বুধবার সকাল থেকেই উত্তাল রাজ্য (West Bengal)। স্বাস্থ্যভবন অভিযান (Swastha Bhavan Abhijan) ঘিরে কলকাতা-সহ (Kolkata) একাধিক জেলায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। কর্মসূচি শুরুর আগেই পুলিশের সঙ্গে আন্দোলনকারী আশা কর্মীদের (Asha Workers Protest) দফায় দফায় টানাপড়েনের ছবি সামনে আসে। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার আশা কর্মী ভোর থেকে শহরে পৌঁছন। অভিযোগ, স্টেশনেই তাঁদের আটকে দেওয়া হয়, কোথাও কোথাও মিছিল শুরুর আগেই বাধা দেয় পুলিশ।
আন্দোলনকারীদের (Asha Workers) বক্তব্য, গত ১৫ তারিখ স্বাস্থ্যসচিবের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। তখন জানানো হয় তিনি ছুটিতে থাকবেন। তাই ২১ তারিখ স্বাস্থ্যভবন-এ এসে দাবিদাওয়া জানাতে বলা হয়। সেই নির্দেশ মেনেই অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকেই ব্যারিকেড বসানো শুরু হয় বলে অভিযোগ। বুধবার সকালে ট্রেনে করে পৌঁছনোর পর বহু আশা কর্মীকে জিআরপি আটকে দেয় - এই পরিস্থিতিতে একাধিক স্টেশনের মধ্যেই বসে পড়েন তাঁরা।
ঠিক কী কারণে আন্দোলন (Asha Workers Demand)
বেতন ও কাজের চাপ - এই দুই ইস্যুই আন্দোলনের কেন্দ্রে। দাবি, বর্তমানে ইনসেনটিভ-সহ সর্বোচ্চ মাসিক আয় ৫,২৫০ টাকার বেশি নয়। অথচ সময়ের সঙ্গে কাজের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নের মূল দায়িত্ব তাঁদের কাঁধেই। তাই ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবি তুলেছেন আশা কর্মীরা।
আর কী কী দাবি
শুধু বেতন নয় - আট দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যবিমা চালু, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ক্ষতিপূরণ, বকেয়া একসঙ্গে মেটানো এবং চাকরির স্থায়িত্ব। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকার বক্তব্য, অল ইন্ডিয়া ভিত্তিতে ন্যূনতম মজুরি যেখানে ২৬ হাজার টাকা, সেখানে ১৫ হাজার টাকার দাবি মোটেই অযৌক্তিক নয়।
সংগঠনের নেত্রীরা আরও জানান, কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সরকারি মোবাইল ব্যবহারের জন্য ন্যূনতম সাড়ে ৩৫০ টাকার ৫জি ডেটা প্যাকেজ বরাদ্দ, নিয়মিত ছুটি ও মাতৃত্বকালীন ছুটি - এই দাবিতেও অনড় তাঁরা।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে কর্মবিরতিতে যান আশা কর্মীরা। প্রায় এক মাস পেরিয়ে গেলেও অবস্থান থেকে সরেননি। আন্দোলন ঘিরে অশান্তির আশঙ্কায় স্বাস্থ্যভবন চত্বরে নিরাপত্তা জোরদার, ব্যারিকেড ও অতিরিক্ত পুলিশ মোতায়েন। তবু আন্দোলনকারীদের কণ্ঠে একটাই বার্তা - লড়াই চলবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটার প্রশ্ন নেই।