সন্ধ্যায় তিনি রাজভবনে ফেরেন। সেখানেই থাকবেন রাতে। আগামিকাল সকালে বৈঠক সেরে দুপুরে রওনা দেবেন ঝাড়খণ্ডের উদ্দেশে।

শেষ আপডেট: 30 July 2025 21:34
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতার রাজভবনে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বঙ্গ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল একাধিক কর্মসূচি রয়েছে তাঁর, সেই সূত্রে আজ রাতে রাজভবনেই থাকবেন তিনি। আগামিকাল যোগ দেবেন একটি বৈঠকে।
এদিন সকালেই দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় আসেন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে যান কল্যাণীতে। সেখানে এইমস কল্যাণীর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গেই ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, প্রতাপরাও যাদব এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
অনুষ্ঠানে ২০১৯ সালে ভর্তি হওয়া প্রথম এমবিবিএস ব্যাচের ৪৮ জন চিকিৎসক শিক্ষার্থীর স্নাতক সমাপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি। প্রথম তিন স্থানাধিকারীকে তিনি নিজে হাতে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক তুলে দেন। সেরা উত্তীর্ণ ছাত্র হিসেবে বিশেষ সম্মাননা পান ডাঃ কলরব মুখোপাধ্যায়।
বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, 'চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি গভীর দায়িত্ব রয়েছে। চিকিৎসা শুধু পেশা নয়, এক মহান সামাজিক কর্তব্য। ডাঃ বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর কল্যাণীর মাটিতে এইমস প্রতিষ্ঠা এক ঐতিহাসিক কর্মকাণ্ড।'
সমাবর্তন অনুষ্ঠানের শেষে রাষ্ট্রপতি যান দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সেখানে মা ভবতারিণীর দর্শন ও গর্ভগৃহে আরতি করেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল-সহ অন্যান্যরা। মন্দির কর্তৃপক্ষ তাঁকে সংবর্ধনা জানায়।
সন্ধ্যায় তিনি রাজভবনে ফেরেন। সেখানেই থাকবেন রাতে। আগামিকাল সকালে বৈঠক সেরে দুপুরে রওনা দেবেন ঝাড়খণ্ডের উদ্দেশে।
রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্য। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে রাজভবন চত্বরে।