বুধবার (৩০ জুলাই) দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি। সেখান থেকে আকাশপথেই কল্যাণী রওনা দেবেন। কল্যাণী এইমস-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

ফাইল চিত্র
শেষ আপডেট: 30 July 2025 07:20
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বুধবারই রাজ্যে আসছেন তিনি। কল্যাণী এইমসের (Kalyani AIIMS) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও আরও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা শহরজুড়ে। আজ ও আগামিকাল বহু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।
বুধবার (৩০ জুলাই) দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি। সেখান থেকে আকাশপথেই কল্যাণী রওনা দেবেন। কল্যাণী এইমস-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এইমসের কর্তৃপক্ষ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বলেন, 'মাননীয়া রাষ্ট্রপতি আসছেন এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। তিনি নিজের হাতে তিনজন ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেবেন। আমাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।'
জানা গিয়েছে, কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত থাকতে পারবেন না। রাজ্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) কল্যাণীর অনুষ্ঠান শেষ করে চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দির। কলকাতায় রাজভবনে রাত্রিবাস করবেন। বৃহস্পতিবার সকালে একটি বিশেষ বৈঠক রয়েছে তাঁর। সেটি শেষ করে দুপুরেই রওনা দেবেন ঝাড়খণ্ডের উদ্দেশে।
৩০ ও ৩১ জুলাই, কখন কোন কোন রাস্তায় গাড়ি চলবে না, দেখে নিন একনজরে
সিঁথি ক্রসিং, বিটি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার মোড়, ভূপেন বসু অ্যাভিনিউ,
জে এম অ্যাভিনিউ, সি আর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবিডি বাগ (পূর্ব দিক), ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, গভর্নমেন্ট প্লেস (ইস্ট), আর আর অ্যাভিনিউ- ৩০ জুলাই, বিকেল সাড়ে ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত এই রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়।
৩১ জুলাই, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর আর অ্যাভিনিউ, রেড রোড, জে ও এন আইল্যান্ড, খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, হসপিটাল রোড, হসপিটাল রোড (পূর্ব দিক), এজেসি বসু উড়ালপুর, মা উড়ালপুল, ই এম বাইপাস, হাডকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজে সবরকম গাড়ি চলাচল বন্ধ থাকবে।