
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক্স-শুভম সেনগুপ্ত।
শেষ আপডেট: 22 March 2025 10:27
দ্য ওয়াল ব্যুরো: ১২ ঘণ্টার মধ্যে বদলে গেল ছবিটা!
শুক্রবার সকাল থেকে উজ্জ্বল হলুদ পতাকায় নীল কালিতে বাংলায় ‘অধিনায়ক অভিষেক’ (Abhishek Banerjee) লেখা পোস্টারে ছেয়ে গিয়েছিল যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। রাত ১০টার পর সামনে এল আরও একটি পোস্টার, হোর্ডিং। মমতা বন্দ্যেপাধ্যায়ের ছবি সম্বলিত সেই পোস্টারে লেখা, 'সবার্ধিনায়িকা জয় হে'।
নীচে লেখা হ্যাশট্যাগফ্যামফরটিএমসি অর্থাৎ তৃণমূলের সমর্থকদের তরফেই যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত লাগানো হয়েছে এই পোস্টার। শুক্রবার এই কমিউনিটির তরফেই অভিষেকের পোস্টার লাগানো হয়েছিল।
শনিবারই সাত দিনের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে সমর্থকদের তরফে এই বার্তাও সামনে আনা হল যে, তৃণমূলে অভিষেক অধিনায়ক হলেও সবার উপরে সত্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়। যা থেকে মনে করা হচ্ছে, বিতর্ক এড়িয়ে ভারসাম্য বজায়ের জন্যই এই নয়া পোস্টার!
সূত্রের খবর, আগামী ২৩ মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্য়াল মিডিয়া সৈনিকরা (হ্যাশট্যাগফ্যামফরটিএমসি)। তারই জেরে এই পোস্টার।
শুক্রবার সকাল থেকে অভিনব এই পোস্টারে ছেয়ে যায় দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা। দলের অভ্যন্তরে অভিষেকের প্রচুর অনুগামী রয়েছেন। ফলে নেতার প্রতি অনুগামীরা তাঁদের ভালবাসা এভাবে প্রকাশ করতেই পারেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহর জেরে এই পোস্টার তার চেয়েও কিছু বেশি বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছিল।
দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই সুব্রত বক্সী। দলের জন্মলগ্ন থেকেই তিনি দলের রাজ্য সভাপতি পদে রয়েছেন। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে অভিষেক ও সুব্রতর মধ্যে একটা তালমিল তৈরি হওয়ার ইঙ্গিত মিলছিল। গত ১৫ মার্চ ভুতুড়ে ভোটার লিস্ট নিয়ে অভিষেকের বৈঠকের পরের দিনই অর্থাৎ ১৬ মার্চ এই সংক্রান্ত প্রতিবেদন সবার আগে লেখা হয়েছিল দ্য ওয়ালে (অভিষেক ও বক্সীর তালমিল, কেন তৃণমূলে এক নয়া অধ্যায়!)। সাতদিনের ব্যবধানে শুক্রবার অভিষেক কে নিয়ে পোস্টারেও যেন তেমনই আভাস দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ভোটার লিস্টের ভূতুড়ে তালিকা নিয়ে জেলা ভিত্তিক কমিটি গঠনের পরও তা বাতিল হয়ে যাওয়া এবং গত ১৫ মার্চ অভিষেকের ভার্চুয়াল বৈঠক থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, দলে অভিষেকের গুরুত্ব বাড়তে চলেছে।
এমনকী ওই বৈঠকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও অভিষেককে একাধিকবার 'আমাদের নেতা' বলে সম্বোধন করে দলের অভ্যন্তরে থাকা নবীন-প্রবীণের দ্বন্দ্বের অবসান ঘটানোর বার্তা দিয়েছিলেন।
লন্ডন সফরে যাওয়ার আগে বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও কার্যত সেই নবীন-প্রবীণের সংমিশ্রণেই সিলমোহর বসিয়েছেন। দলনেত্রী জানিয়ে দিয়েছেন, আগামী সাতদিনের দলের যাবতীয় কাজকর্ম 'যৌথভাবে' সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং সুব্রত বক্সী। এবার পোস্টার বিতর্কে রাশ টেনে সমর্থকরাও দলনেত্রীর নামে 'জয় হে' পোস্টার দিলেন।