
খুলে গেল অ্যাক্রোপলিস মল
শেষ আপডেট: 3 August 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: প্রায় দেড় মাসের ব্যবধানে ফের খুলল অ্যাক্রোপলিস মল। গত ১৪ জুন কসবার এই মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকে বন্ধ ছিল দক্ষিণ কলকাতার জনপ্রিয় মল।
শনিবার এক বিবৃতিতে অ্যাক্রোপলিস মলের তরফে জানানো হয়েছে, গত ২৯ জুলাই দমকলের ছাড়পত্র মিলেছে। এরপরই সংশ্লিষ্ট মলটি খোলার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। মলের ৯০ শতাংশ দোকান খুলে গিয়েছে। তবে বেশ কয়েকটা দোকানে এখনও পুর্ননবীকরণের কাজ চলছে। যার মধ্যে রয়েছে হপিপোলা, চিলিস, টাইম জোনের মতো বেশ কিছু দোকান।
মলটির তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল বুকস্টোর। সেখানেই আচমকা গত ১৪ জুন আগুন লাগে। মল কর্তৃপক্ষের দাবি, দক্ষিণ কলকাতার অন্যতম বৃহৎ এই মলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। মলের মধ্যে রয়েছে ১১০টিরও বেশি আউটলেট। অগ্নিকাণ্ডের জেরে রাতারাতি সেগুলি বন্ধ হয়ে যায়।
অ্যাক্রোপলিসের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, দমকল দফতর থেকে এই মলটি খোলার ব্যাপার প্রয়োজনীয় অনুমতি মিলেছে। সেই অনুসারে শনিবার থেকে মলটি খুলে গিয়েছে। আজ থেকে মলের ফুডকোর্ট, সিনেপ্লেক্সও খুলে দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের জেরে মলের বিস্তর ক্ষতি হয়েছিল। সবদিক খতিয়ে দেখার পর গত ২৫ জুন দমকলের তরফে শপিং মলে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হয়। এরপরই শুরু হয় মেরামতির কাজ। আপাতত অগ্নিকাণ্ডের স্মৃতি ভুলে নতুন করে সেজে উঠেছে অ্যাক্রোপলিস মল।