সংসদে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক সরাসরি সেই প্রসঙ্গ টানেন। তিনি বলেন, দেশে যেন দুই বাস্তবতা পাশাপাশি চলছে। এক ভারতে প্রান্তিক মানুষ সন্দেহের চোখে দেখা হয়, অন্য ভারতে ক্ষমতাসীনদের জন্য আলাদা মানদণ্ড।

বীর দাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 11 February 2026 16:00
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লোকসভায় বাজেট বিতর্কে (Loksabha Parliament Session) অংশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Govt) নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তীব্র আক্রমণ শানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তবে বক্তৃতায় কেবল রাজ্যের প্রতিনিধি হিসেবেই নয়, নিজেকে বৃহত্তর জাতীয় পরিসরের রাজনীতিক হিসেবে তুলে ধরতে চেয়েছেন তিনি। তাঁর বক্তব্যের কেন্দ্রে ছিল ‘টু ইন্ডিয়া’ (Two India) বা ‘দুই ভারত’ তত্ত্ব - যে ধারণা একসময় আলোচনার ঝড় তুলেছিল কমেডিয়ান বীর দাসের (Vir Das) একটি শো-কে ঘিরে।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক সরাসরি সেই প্রসঙ্গ টানেন। তিনি বলেন, দেশে যেন দুই বাস্তবতা পাশাপাশি চলছে। এক ভারতে প্রান্তিক মানুষ সন্দেহের চোখে দেখা হয়, অন্য ভারতে ক্ষমতাসীনদের জন্য আলাদা মানদণ্ড। তাঁর কথায় উঠে আসে নানা উদাহরণ - বাংলা থেকে ভিনরাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের (Migrant Workers) ‘অনুপ্রবেশকারী’ তকমা, মণিপুরের অশান্তি সত্ত্বেও প্রধানমন্ত্রীর সেখানে না যাওয়া, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা কিংবা দেবী দুর্গাকে নিয়ে রাজনৈতিক মন্তব্য।
অভিষেকের দাবি, এই দ্বিচারিতাই আজকের ভারতের বড় সংকট। বক্তব্যের শেষে তিনি সংবিধানের প্রস্তাবনার উল্লেখ করে বলেন, 'উই দ্য পিপল অফ ইন্ডিয়া' - অর্থাৎ জনগণই চূড়ান্ত শক্তির উৎস, সরকার নয়।
এই বক্তৃতার অংশবিশেষ ব্যবহার করেই নিজের ওয়ার্ল্ড ট্যুরের প্রচারে ভিডিও পোস্ট করেন বীর দাস (Vir Das)। রাজনৈতিক ব্যঙ্গের জন্য পরিচিত এই কমেডিয়ান অতীতে ‘টু ইন্ডিয়া’ শো ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন। সেই স্মৃতি উসকে দিয়েই অভিষেকের বক্তব্যের ক্লিপ জুড়ে দেন তাঁর প্রচারে।
Ah, the beauty of two Indias- in one, a comedian is questioned for talking about the ‘TWO INDIA’ divide. In the other, the same debate becomes the perfect PR for a tour announcement. Democracy does have a sense of humour. Wishing you house full shows and a smashing tour ahead… https://t.co/p2ry8NGqA5
— Abhishek Banerjee (@abhishekaitc) February 11, 2026
ঘটনায় কৌতুকের সুরেই প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “দ্বৈত ভারতের এটাই তো সৌন্দর্য। এক ভারতে ‘দুই ভারত’ নিয়ে কথা বলায় কমেডিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর অন্য ভারতে সেই বিতর্কই হয়ে ওঠে ট্যুর ঘোষণার সেরা প্রচার।” পাশাপাশি বীর দাসের ‘সাউন্ডস অফ ইন্ডিয়া’ বিশ্ব সফরের জন্য শুভেচ্ছাও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
রাজনৈতিক বক্তব্য, ব্যঙ্গ আর সোশ্যাল মিডিয়ার মিশেলে এই পর্ব নতুন মাত্রা যোগ করেছে চলতি বাজেট অধিবেশনের বিতর্কে। ‘টু ইন্ডিয়া’ প্রসঙ্গ ফের আলোচনার কেন্দ্রে।