অমিত শাহ বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠান থেকে তিনি সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগরের কথাও।

অমিত শাহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 26 September 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় দুর্গাপুজো হয় না - একাধিকবার এমন দাবি করেছে বিজেপি (BJP)। তবে আজ যখন কলকাতায় এসে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তখন তাঁকে নিশানায় নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। বললেন, 'যারা বলত বাংলায় দুর্গাপুজো (DurgaPuja2025) হয় না, তারাই এসে মণ্ডপ উদ্বোধন করছে'।
অমিত শাহ বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠান থেকে তিনি 'সোনার বাংলা' গড়ার ডাক দিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগরের কথাও। অভিষেকের খোঁচা, তিনি সোনার বাংলা করতে চান ঠিক আছে, তবে তার আগে বাংলার মানুষের টাকা দিতে হবে কেন্দ্রকে। কেন এবং কী ভিত্তিতে সেই টাকা আটকে রাখা হয়েছে, সেই প্রশ্নের উত্তরও চান অভিষেক।
বাংলার বিজেপি নেতারা শুধু দুর্গাপুজো নয়, অভিযোগ করেন যে অনেক পুজোই হতে দেয় না রাজ্য সরকার (State Govt)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হিন্দুবিরোধী বলতেও পিছপা হন না তাঁরা। কিন্তু সেই বিজেপি নেতাদের পুজো যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করতে এলেন, সেই সুযোগকে হাতছাড়া করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেতার কথায়, ''পাঁচ বছর আগে এরাই বলত বাংলায় দুর্গাপুজো হয় না। আর আজ এসে নিজেরাই পুজো মণ্ডপ উদ্বোধন করছে। এ তো পরস্পরবিরোধী মন্তব্য। মনে রাখতে হবে, তৃণমূল আমলেই ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। অন্য কোনও কর্মকাণ্ড বিজেপি সরকারের আমলে এমন কোনও স্বীকৃতি পায়নি।'' অভিষেকের নিশানা, বিজেপির শেখা উচিত বাংলার থেকে।
শুক্রবার বিদ্যাসাগরের জন্মবার্ষিকীও। সেই কারণে বিদ্যাসাগর কলেজে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাঙা মূর্তিতেই মাল্যদান করেন তিনি। কয়েক বছর আগে এই কলেজে হামলার ঘটনায় ওই মূর্তি ভেঙে গেছিল। বিষয়টিতে বিজেপিকেই অভিযুক্ত করে তৃণমূল। আর অভিষেক এক ধাপ এগিয়ে দাবি করেছেন, অমিত শাহের নেতৃত্বেই ওই মূর্তি ভাঙা হয়েছিল। তৃণমূল নেতার স্পষ্ট কথা, পুজো উদ্বোধন বা বিদ্যাসাগরের নাম নেওয়ার আগে ক্ষমা চাওয়া উচিত অমিত শাহর।