ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গে তোলেন অমিত শাহ। বলেন, দেশ যখন ব্রিটিশদের গোলাম ছিল সেই সময়ে দাঁড়িয়ে তিনি শিক্ষার জন্য যা করেছেন তা ভোলার নয়। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি এবং মহিলাদের শিক্ষার জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন।

অমিত শাহ
শেষ আপডেট: 26 September 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থীর সকালে কলকাতায় (Kolkata) এসে সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর সেই অনুষ্ঠান থেকে ফের একবার দিলেন 'সোনার বাংলা' গড়ার ডাক। তাঁর কথায় উঠে এল, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এমনকী বাংলা ভাষার প্রসঙ্গও।
বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। সেই মণ্ডপ উদ্বোধনের পর নিজের ভাষণে অমিত শাহ বলেন, এই প্যান্ডেলে মায়ের পুজো দিয়ে প্রার্থনা করেছি যাতে আসন্ন নির্বাচনের পর বাংলায় এমন সরকার হয় যা রাজ্যকে 'সোনার বাংলা' তৈরি করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, নতুন সরকারের এই চেষ্টাই থাকবে যাতে বাংলাকে আবার শান্ত, সুন্দর এবং সুরক্ষিত করা যায়। তাঁদের লক্ষ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলার কল্পনা করতেন, সেই বাংলা গড়ে তোলা।
এই পরিপ্রেক্ষিতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গে তোলেন অমিত শাহ। বলেন, দেশ যখন ব্রিটিশদের গোলাম ছিল সেই সময়ে দাঁড়িয়ে তিনি শিক্ষার জন্য যা করেছেন তা ভোলার নয়। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি এবং মহিলাদের শিক্ষার জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তিনি নিজে এবং দলের তরফে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
চলতি সপ্তাহেই দুদিনের ভারী বৃষ্টিতে শহর কার্যত জলের তলায় চলে গেছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার কথা বলে মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেন, বিজেপির প্রত্যেক নেতা, কর্মী তাদের পাশে রয়েছেন।
ভাষণের শেষে বিকশিত ভারতের উল্লেখ করে শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছেন তা বাংলার অগ্রগতি ছাড়া অসম্ভব। তাই তিনি আশা রাখেন, আগামী দিনে বাংলা আরও উন্নতি করবে, উন্নয়নের পথে হাঁটবে এবং বিকশিত ভারতের স্বপ্নও পূরণ হবে।
প্রসঙ্গত, শুক্রবার কালিঘাট মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা তাঁর। এরপর সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (EZCC) বিজেপি-সমর্থিত ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধনও করবেন অমিত শাহ।