
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 11 October 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলা ধৃত ৯ জনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। মহাষ্টমীতে হাইকোর্টে মহাধাক্কা খেল কলকাতা পুলিশ।
সপ্তমীতে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে স্লোগান দেওয়ার ঘটনায় ন’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তদের পরিবার। আজ দুপুর দু’টোয় বিচারপতি শম্পা সরকারের এজলাসে জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয়। দীর্ঘ সময় মামলা চলার পর ধৃত ৯ জনকে জামিন দেন বিচারপতি।
বিচারপতির পর্যবেক্ষণ, যাঁদের গ্রেফতার করা হয়েছিল, সেই ছেলে-মেয়েরা এমন কিছু করেননি যার জন্য তাঁদের বিরুদ্ধে গুরুতর ধারা লাগু হয়। ধৃতদের আইনজীবীরা এদিন মামলা শেষে জানান, 'রাজ্য সরকারের আইনজীবীরা যে যে যুক্তি দেখিয়েছেন, তার একটাও বিচারপতি বিশ্বাস করেননি।'
বিচারপতি এও বলেন, 'পুলিশদের মারধর করার যে অভিযোগ উঠেছিল ধৃতদের বিরুদ্ধে, তার প্রেসক্রিপশনে প্যান ডি আর ব্যথা কমার ওষুধ ছাড়া কিছুই নেই। তাই পুলিশের অভিযোগ বিশ্বাস করার কোনও জায়গা নেই।'
প্রসঙ্গত, পুজো মণ্ডপে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়ায় ওই ৯ জনকে গ্রেফতার করে আলিপুর আদালতে নেওয়া হয়। পুলিশ তাঁদের ১২ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল। তবে আদালত সকলকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ধৃতদের পরিবার। আজ মামলার জরুরি ভিত্তিতে শুনানির পর সেই ন'জনকে জামিন দিল উচ্চ আদালত।