পরিবহণ দফতরের কাছে বাস মালিকদের দীর্ঘদিনের দাবি ছিল - বয়স নয়, গাড়ির স্বাস্থ্য ও দূষণ মাত্রার ক্ষমতা দেখে সিদ্ধান্ত নেওয়া হোক। সেই আবেদনেই সাড়া দিল হাইকোর্ট।

কলকাতা বাস ডিপো
শেষ আপডেট: 16 November 2025 13:22
দ্য ওয়াল ব্যুরো: বাণিজ্যিক গাড়ির বয়সসীমা (Kolkata old bus fitness rule) নিয়ে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। এত দিন পর্যন্ত যে নির্দেশিকা ছিল, তাতে ১৫ বছরের বেশি বয়স হলেই রাস্তায় নামতে পারত না বাস বা অন্য কোনও বাণিজ্যিক যান। তবে নতুন নির্দেশে জানানো হয়েছে শুধুমাত্র বয়স দেখে নয়, গাড়ির সক্ষমতা ও দূষণের মাত্রা যাচাই করেই সিদ্ধান্ত হবে তার চলাচলের উপযোগিতা (fitness certificate)। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত (transport rules) মানলে বয়স্ক বাসের 'রিটায়ারমেন্টে'র প্রয়োজন পড়বে না।
আদালতের নির্দেশ অনুযায়ী, কোনও গাড়ি (commercial vehicles) ১৫ বছর পার করলে বছরে দু’বার ফিটনেস পরীক্ষা (fitness test) দিতে হবে। তাতে পাশ করলে তবেই মিলবে রাস্তায় নামার অনুমতি। একইভাবে দূষণ পরীক্ষাও (pollution test) করাতে হবে বছরে দু’বার। পরিবহণ দফতরের কাছে বাস মালিকদের দীর্ঘদিনের দাবি ছিল - বয়স নয়, গাড়ির স্বাস্থ্য ও দূষণ মাত্রার ক্ষমতা দেখে সিদ্ধান্ত নেওয়া হোক। সেই আবেদনেই সাড়া দিল হাইকোর্ট।
বছর কয়েক আগে জাতীয় গ্রিন ট্রাইবুনাল দূষণ রোধে কিছু নির্দেশ জারি করে। তা মেনে ১৫ বছরের বেশি পুরনো বাসের ফিটনেস সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যায়। ফলে প্রচুর গাড়িকে রাতারাতি বসিয়ে দিতে হয় এবং শহরে বাসের সংখ্যা কমতে থাকে।
যাত্রীদের অসুবিধা বেড়ে যাওয়ায় বাস মালিকরা আদালতে আবেদন করেন। রাজ্য সরকারও জানায়, কেবল বয়সের ভিত্তিতে গাড়ি বাতিল করা বাস্তবসম্মত নয়, কারণ সামগ্রিক ‘স্বাস্থ্য’ই একটি যানবাহনের আয়ুর নির্ণায়ক হোক।
পরিবহণ দফতরের পক্ষ থেকেও জানানো হয়েছে, পুরনো বাস তোলার সিদ্ধান্ত এক ধাক্কায় নিলে শহরের গণপরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হবে। পরিবেশকেও মাথায় রেখে তাই বিকল্প ব্যবস্থা হিসেবে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা-নির্ভর অনুমতির পরামর্শ দেওয়া হয়।
আদালত সেই সুপারিশকেই গুরুত্ব দিয়ে বয়সসীমা শিথিলের নির্দেশ দেয়। সিটি সাবার্বান বাস সার্ভিসেস-এর সাধারণ সম্পাদক টিটু সাহার কথায়, “বয়সের ফাঁসে যে বাস বসেছিল, সেগুলো ফের পথে ফিরবে। নিয়ম মেনেই চলবে যান।” সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতির রাহুল চট্টোপাধ্যায় বলেন, “আমরা চাইছিলাম বয়স নয়, ফিটনেসই হোক মূল মানদণ্ড। সেই দাবি মেনে নেওয়ায় ধন্যবাদ আদালতকে।”
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তপন বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, কোভিডের সময় বহু বাস দীর্ঘদিন অকেজো হয়ে পড়েছিল। “সেই সময়টুকুও বয়সের হিসেব থেকে বাদ দেওয়ার আবেদন ছিল। এখন বয়সসীমা তুলে দেওয়ায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হল,” মন্তব্য তাঁর।
এই নির্দেশে যেমন পুরনো বাস মালিকরা স্বস্তি পেলেন, তেমনই শহরের গণপরিবহণেও আশা জাগল নতুন করে।