পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর ও শারীরিক দুর্বলতার জন্য তাকে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 21 June 2025 15:13
দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম বৃষ্টিতেই বাড়ছে ডেঙ্গি ও মশাবাহিত রোগের প্রকোপ। দমদমের (Dumdum) মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা সারণী বন্দ্যোপাধ্যায় (১৩) ডেঙ্গিতে ( Dengue) আক্রান্ত হয়ে শনিবার সকালে প্রাণ হারাল। সপ্তম শ্রেণির ছাত্রী সারণী পড়ত বৈদ্যনাথ গার্লস হাইস্কুলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর ও শারীরিক দুর্বলতার জন্য তাকে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসায় ত্রুটি থাকায় তার অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে তপসিয়ার একটি বড় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। ঘটনার জেরে শোকস্তব্ধ এলাকা। একই সঙ্গে ছড়িয়েছে ডেঙ্গির আতঙ্কও।
মৃতের মা গীতিকা বন্দ্যোপাধ্যায় জানান, প্রথম হাসপাতালে সঠিক চিকিৎসা না হওয়ায় সারণীর ফুসফুসে জল জমেছিল, যা পরে গুরুতর শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। গীতিকার অভিযোগ, প্রথম হাসপাতাল যথাযথ ব্যবস্থা নিলে হয়তো সারণীর জীবন রক্ষা করা যেত।
এ ব্যাপারে দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং জানিয়েছেন, “মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আমরা নিয়মিত পদক্ষেপ নিচ্ছি। মৃতের পরিবারের অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তবে, প্রাথমিকভাবে ওই এলাকায় মশার লার্ভা পাওয়া যায়নি। পরিবারের দাবি, তারা সম্প্রতি দিঘা ভ্রমণে গিয়েছিলেন। সারণী সম্ভবত সেখানেই আক্রান্ত হয়েছিলেন।”
স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী, বর্তমানে দমদম এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দুই। তবে ১৩ বছরের ছাত্রীর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। ডেঙ্গির মতো মারণ রোগ রুখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সতর্ক থাকা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।