নির্বাচনের মুখে কলকাতায় বড়সড় অস্ত্র উদ্ধার। স্ট্র্যান্ড রোড থেকে ৫টি পিস্তল ও কার্তুজসহ গ্রেফতার বিহারের ১৭ বছরের এক কিশোর।

ধৃত কিশোরের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ
শেষ আপডেট: 8 April 2026 20:51
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের ঠিক মুখেই খাস কলকাতায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার (Arms recovery in Kolkata)। বুধবার দুপুরে শহরের ব্যস্ততম স্ট্র্যান্ড রোড এলাকা (Strand Road arrest) থেকে এক নাবালককে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত কিশোরের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ৪০টি তাজা কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোডের একটি সুলভ শৌচালয়ের কাছে সন্দেহভাজন এক কিশোরকে ঘুরঘুর করতে দেখেন আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সেখানে ওঁত পেতে ছিলেন এসটিএফ-এর গোয়েন্দারা। ওই কিশোরকে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। তার কাছে থাকা ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে ৫টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে ৩টি দেশি আগ্নেয়াস্ত্র এবং ২টি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল। সঙ্গে ছিল ৪টি ম্যাগাজিন এবং ১৮টি ৮ এমএম ও ২২টি ৭.৬৫ এমএম-এর কার্তুজ।
নেপথ্যে কি বিহার যোগ?
তদন্তে জানা গিয়েছে, ধৃত ১৭ বছর বয়সি ওই কিশোরের বাড়ি বিহারের নালন্দা জেলায়। এত অস্ত্র নিয়ে কেন সে কলকাতায় এসেছিল, বা কার হাতে এই অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তার - এই সব প্রশ্নের উত্তরে কিশোরের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। উল্লেখ্য, অতীতেও রাজ্যে উদ্ধার হওয়া বেআইনি অস্ত্রের নেপথ্যে মুঙ্গের বা বিহারের অন্যান্য অস্ত্র কারখানার যোগ বারবার সামনে এসেছে। এবারও কি সেই একই চক্র সক্রিয়? খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
শহরে কড়া নজরদারি
ভোটের মরসুমে কয়েকদিন ধরেই কলকাতায় দফায় দফায় টাকা ও মাদক উদ্ধার হয়েছে। গত রবিবার টালিগঞ্জে গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের পর মঙ্গলবারও শহরের নানা প্রান্ত থেকে প্রায় ৫৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। এবার খোদ স্ট্র্যান্ড রোডে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই অস্ত্রের উৎস কী এবং কেনই বা নির্বাচনের মুখে এগুলি শহরে ঢোকানো হচ্ছিল, তা নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে এসটিএফ।