ভাগলপুর জেলার মধুসূদনপুর থানার অন্তর্গত একটি বাড়ির একতলায় গড়ে উঠেছিল কারখানাটি। গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর পাওয়ার পর মঙ্গলবার সন্ধেয় সেখানে পৌঁছয় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 February 2026 13:09
দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে গোপনে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কারবার (Illegal Arms Factory)। সেই খবর পেতেই বিহারের ভাগলপুরে (Bihar Bhagalpur) অভিযান চালাল কলকাতা পুলিশের (Kolkata Police) বিশেষ শাখা। যৌথ অভিযানে ভাঙা হল বেআইনি অস্ত্র কারখানা, গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাগলপুর জেলার মধুসূদনপুর থানার অন্তর্গত একটি বাড়ির একতলায় গড়ে উঠেছিল কারখানাটি। গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর পাওয়ার পর মঙ্গলবার সন্ধেয় সেখানে পৌঁছয় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (Kolkata Police Special Task Force)। অভিযানে সহযোগিতা করে বিহার পুলিশ স্পেশ্যাল টাস্ক ফোর্স (Bihar Police Special Task Force)।
অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০টি দেশি ৭.৫ মিলিমিটার পিস্তল, আটটি পিস্তলের ব্যারেল, দু’টি মাইলিং যন্ত্র, একটি ড্রিল যন্ত্র এবং একটি হ্যান্ড গ্রাইন্ডার-সহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম। পুলিশ জানিয়েছে, এগুলি ব্যবহার করেই আগ্নেয়াস্ত্র প্রস্তুত করা হচ্ছিল।
তদন্তে উঠে এসেছে, বাড়িটির মালিক নাসির আনসারি। তাঁর বাড়ির একতলাতেই চলছিল এই বেআইনি কারবার। অভিযানের শেষে ঘটনাস্থল থেকেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মোনাজির, শাদাব আলি ওরফে সাদ্দাম, মহম্মদ আসলাম ওরফে টিঙ্কু, শমসের আলম ওরফে ছোটু এবং শাহানাজ। মোনাজিরের বাড়ি ভাগলপুরে হলেও বাকি চার জন মুঙ্গের জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তৈরি হওয়া অস্ত্র অন্য রাজ্যে পাচারের ছক ছিল। কারা এই চক্রের মূল হোতা, আর কত দিন ধরে কারখানাটি চালু ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।