কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত, বৃষ্টির বিরতি এলেও সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা।

আবহাওয়া (ফাইল ছবি)
শেষ আপডেট: 26 March 2026 09:24
দ্য ওয়াল ব্যুরো: বসন্তের শেষে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা! কখনও ঝড়-বৃষ্টি, কখনও প্রচন্ড রোদ—এই দুইয়ের টানাপোড়েনে নাজেহাল রাজ্যবাসী। আপাতত বৃষ্টির বিরতি মিললেও দক্ষিণবঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম। সপ্তাহের শেষে ফের ঝড়-বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস (Weather Office)।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ পরিষ্কার। দিনের শুরুটা রোদ দিয়েই হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা ও অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হবে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়তে পারে।
তবে এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বদলাতে শুরু করবে ছবিটা। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rainfall) এবং শিলাবৃষ্টির (Hailstorm) আশঙ্কাও রয়েছে।
বিশেষ করে পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Medinipur) এবং পূর্ব বর্ধমানে (East Burdwan) জারি হয়েছে সতর্কতা (Alert)। ওই সময় ঝড়ের গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা। ফলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং কোচবিহারে (Cooch Behar) টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও শুক্রবার থেকে ফের খারাপ আবহাওয়ার ইঙ্গিত মিলছে। একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)।
এই সময় কালবৈশাখী (Kalbaisakhi)-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে গরম আর ঝড়—এই দুইয়ের দ্বৈরথে আগামী কয়েকদিন স্বস্তি মিলবে না। বরং মার্চের শেষে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বজায় থাকবে অস্বস্তি।