দ্য ওয়াল ব্যুরো: পুরোদমে অফলাইনে ক্লাস (Offline class) শুরু করার প্রস্তুতি শুরু করে দিল কলকাতার (kolkata) স্কুলগুলো। আর সেই কারণেই অনলাইন ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বহু স্কুল। পাশাপাশি অনেকে সেই প্রক্রিয়া নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।
স্কুলগুলো মনে করছে, বাচ্চারা স্কুলে এসে ক্লাস করতে বেশি উৎসাহী। তাদের অনেকেই অনলাইন ক্লাসের বিকল্প বেছে নিচ্ছে না। অর্থাৎ স্কুলের পরিবেশে ক্লাস করতে আগ্রহী বেশি পড়ুয়ারা।
রাজ্য সরকার ১৬ ফেব্রুয়ারি থেকে অফলাইন ক্লাসের অনুমতি দিয়েছে। তবে অনেক স্কুলই এখনও পুরোদমে ক্লাস শুরু করেনি। ভাগ ভাগ করে বাচ্চাদের স্কুলে আনছে স্কুলগুলো। পাশাপাশি, অনলাইন ক্লাসও চলছে সমান্তরালভাবে। কিন্তু, এপ্রিল থেকেই পুরোদমে সবাইকে স্কুলে এনে ক্লাস করানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে স্কুলগুলো।
শহরের এক শিক্ষকের কথায়, পড়াশুনায় হাইব্রিড পদ্ধতি একেবারেই কাম্য নয়। এ ক্ষেত্রে একজন শিক্ষকের পক্ষে কিছু বাচ্চাকে অফলাইনে ও কিছু বাচ্চাকে অনলাইনে একসঙ্গে ক্লাস উভয়কে একইভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না।
সেন্ট জেমস স্কুলের অধ্যক্ষ টেরেন্স আয়ারল্যান্ড বলেছেন, 'শিশুদের সবাইকে স্কুলে আসার জন্য বলা হচ্ছে। তাদের শারীরিকভাবে স্কুলে আসতে হবে এবং আগের মতো স্বাভাবিক রুটিনে ফিরে যেতে হবে।'
অনেক স্কুলই তাদের পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন, যদি পড়ুয়াদের কাছে বাড়ি থেকে পড়াশুনা করার বিকল্প থাকে তাহলে অনেকেই স্কুলে আসার ঝুঁকি এড়িয়ে যেতে পারে। শুধুমাত্র পড়াশুনার ক্ষেত্রে নয়, তাদের সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাসের ক্ষেত্রেও প্রভাব পড়ে।