মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শকদের ঢল, সন্ধ্যার দিকে কার্যত জনসমুদ্র দেখা যায়। ভিড় সামাল দিতে রীতিমতো পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে এক অভিনব পন্থা গ্রহণ করল তারা।

ছবি- সংগৃহীত
শেষ আপডেট: 29 September 2025 20:37
দ্য ওয়াল ব্যুরো: দেবীর বোধনের আগেই দুর্গাপুজোকে (DURGAPUJA 2025) কেন্দ্র করে শহরের রাস্তায় জনজোয়ার। মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শকদের ঢল, সন্ধ্যার দিকে কার্যত জনসমুদ্র দেখা যায়। ভিড় সামাল দিতে রীতিমতো পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে এক অভিনব পন্থা গ্রহণ করল তারা।
এবছর পুজোয় ভিড় (Durga Puja Crowd) নিয়ন্ত্রণে নতুন পদ্ধতি ব্যবহার করছে পুলিশ। লাঠির বদলে বেলুনের মতো জিনিস দিয়ে তৈরি বিশেষ লাঠি ব্যবহার করা হচ্ছে, যাতে কারও গায়ে লাগলেও আঘাত না পায়। পুলিশকর্মীরা জানিয়েছেন, এই পদ্ধতিতে দর্শকদের নিরাপদভাবে মণ্ডপে প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
সপ্তমীর (Maha Saptami) সকাল থেকেই শহরের বিভিন্ন পুজো মণ্ডপে দর্শকদের সংখ্যা ক্রমেই বেড়েছে। বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা কলকাতার পুজো দেখতে এসেছেন। একই ছবি দেখা যায় সন্তোষ মিত্র স্কোয়ারে। গত ২৬ সেপ্টেম্বর এই পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উদ্বোধনের পরই দর্শকদের সংখ্যা আরও বাড়তে থাকে। পুলিশ, প্রশাসন এবং পুজো উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় রেখে জনজোয়ার সামলানো হচ্ছে। এবারের থিম 'অপারেশন সিঁদুর' দর্শকদের মধ্যে কৌতূহল এবং উৎসাহ বাড়িয়েছে।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরেই বিতর্ক তৈরি হয়েছিল। পুলিশের বিরুদ্ধে পুজো বন্ধ করে দেওয়ার 'চক্রান্ত' করা হচ্ছে বলেও অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা তথা পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ। তবে জানা যাচ্ছে, এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা ও নতুন ব্যবস্থা দর্শকদের জন্য সুবিধাজনক প্রমাণিত হচ্ছে। মণ্ডপে প্রবেশের সময় দর্শকরা ঝুঁকিমুক্ত এবং স্বাচ্ছন্দ্যবোধ করছেন।