
শেষ আপডেট: 14 July 2022 07:50
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে জল জমে রাস্তায় (Water logging)। কয়েকদিন জলের তলায় থাকলেই খারাপ হয়ে যায় রাস্তা (Road)। পিচের প্রলেপ উঠে যায়, ফলে বারবার মেরামত করার ঝক্কি। এছাড়া ভারী গাড়ি চলাচলের ফলেই জলদি খারাপ হয় রাস্তা। ঝামেলা কমাতে এবার রাস্তার পিচ (Pitch) তৈরিতে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক (Plastic) মেশানোর ভাবনা কলকাতা পুরসভার (Kolkata Municipality)। ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসাবে কাজও শুরু হয়ে গেছে।
বেহালার নেতাজি সুভাষ রোডের কিছু অংশ এই নতুন প্রযুক্তিতে করা হয়েছে। সামান্য বৃষ্টিতেও জল জমে সেই রাস্তায়। জমে থাকা জলের কারণে পিচের প্রলেপ উঠে ইট বেরিয়ে পড়ে। প্যাচওয়ার্ক করে সাময়িকভাবে সরিয়ে দিলেও বেশিদিন টেকে না সেসব। তাই এবার পিচের সঙ্গে প্লাস্টিক মেশানোর কথা চিন্তা করেছেন পুরসভার সড়ক বিভাগের আধিকারিকরা। তাঁদের দাবি, এতে রাস্তা আরও মজবুত হবে। তাছাড়া জল জমলেও রাস্তার তেমন ক্ষতি হবে না।
সাধারণত রাস্তা তৈরি করতে যে হটমিক্স বানাতে হয়, তাতে বিটুমিনের সঙ্গে পাথরের গুঁড়ো, বালি ইত্যাদি মেশানো হয়। নয়া প্রযুক্তিতে বিটুমিনের পরিমাণ সামান্য কমিয়ে তার বদলে মেশানো হচ্ছে প্লাস্টিকের গুঁড়ো। এতে রাস্তা বানানোর খরচও প্রায় ১০-২০% কমবে বলে আশা করা যাচ্ছে। কলকাতা পুরসভার সড়ক বিভাগের মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের দাবি, আপাতত ছোট পরিসরে এই প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। বর্ষার পর বোঝা যাবে, তা কার্যকরী হচ্ছে কিনা। সব ঠিক থাকলে আগামীতে শহরের যে সব রাস্তায় অল্প বৃষ্টি হলেই জল জমে, সেখানে এই পদ্ধতিতে রাস্তা তৈরি করা হবে।
আলিপুরের রসিকা জৈনের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার স্বামী, জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে