মালাদেবীর স্পষ্ট বক্তব্য, “পুর অধিবেশনে বেশিরভাগ প্রশ্ন বাংলাতেই হয়। কিন্তু কিছু কাউন্সিলর হিন্দি ও ইংরেজিতে প্রশ্ন করেন। এবার থেকে সব কাউন্সিলরকেই বাংলাতেই প্রশ্ন করতে হবে। মেয়র পারিষদরাও বাংলাতেই উত্তর দেবেন।”

ফাইল ছবি।
শেষ আপডেট: 26 July 2025 09:40
দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলার 'অপরাধে' হেনস্থার অভিযোগে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ জুলাই থেকে রাজ্যজুড়ে ভাষা আন্দোলনের (Bengali Language) ডাক দিয়েছেন তিনি। এমন আবহেই এবার বড়সড় সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশন (Kolkata Municipal Corporation)।
কর্পোরেশনের সিদ্ধান্ত, এখন থেকে অধিবেশন বা কার্যবিবরণী সভায় হিন্দি বা ইংরেজিতে কোনও প্রশ্ন করা যাবে না। সমস্ত কাউন্সিলরকে বাংলা ভাষাতেই প্রশ্ন করতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সন মালা রায়।
মালাদেবীর স্পষ্ট বক্তব্য, “পুর অধিবেশনে বেশিরভাগ প্রশ্ন বাংলাতেই হয়। কিন্তু কিছু কাউন্সিলর হিন্দি ও ইংরেজিতে প্রশ্ন করেন। এবার থেকে সব কাউন্সিলরকেই বাংলাতেই প্রশ্ন করতে হবে। মেয়র পারিষদরাও বাংলাতেই উত্তর দেবেন।” তিনি আরও বলেন, “বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। অধিবেশন কক্ষে বাংলাই তো প্রাধান্য পাওয়া উচিত।”
তৃণমূল কংগ্রেস সম্প্রতি ঘোষণা করেছে, ২৭ জুলাই থেকে তারা ‘ভাষা আন্দোলন’-এর সূচনা করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সংসদে বাংলায় বক্তব্য রাখার কথা জানিয়ে দিয়েছেন। সেই আবহেই কলকাতা কর্পোরেশনের এই পদক্ষেপকে রাজনৈতিক বার্তাবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তবে এই সিদ্ধান্তে তীব্র সমালোচনায় সরব হয়েছে বিজেপি। কলকাতা পুরনিগমের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “আট হাজার বাংলা মাধ্যম স্কুল বন্ধ করে, বিশ হাজার বাংলা মদের দোকান খোলার পরে এখন বাংলা ভাষার কথা বলছেন তৃণমূল। এটা আসলে ভাষার নামে বিভাজনের রাজনীতি।” তিনি ২০১৮-র দাড়িভিট কাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, “যাঁরা সত্যিকারের ভাষা শহিদ, তাঁদের মূর্তি বানান আগে।”
যাঁরা জন্মসূত্রে বাঙালি নন, তাঁদের জন্য কী ব্যবস্থা? মালা রায়ের বক্তব্য, “যাঁরা দীর্ঘদিন বাংলায় রয়েছেন, তাঁরা বাংলা বোঝেন ও বলতে পারেন। ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বাংলা জানা বাধ্যতামূলক। ইংরেজির নামে ‘স্টাইল’ দেখানো আর চলবে না।”