এবার বৃষ্টি মাথায় নিয়েই পুজো (Durga Puja Weather Forecast) কাটাতে হতে পারে।

জল-দুর্যোগ কলকাতায়।
শেষ আপডেট: 23 September 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: সোমবার আঞ্চলিক আবহাওয়া দফতর যে পূর্বাভাস (Kolkata Weather) জানিয়েছে তা কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষের কাছে খুব একটা খুশির খবর নয়। হাওয়া অফিসের আপাতত পূর্বাভাস হল, অষ্টমীর দিন পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ এবার বৃষ্টি মাথায় নিয়েই পুজো (Durga Puja Weather Forecast) কাটাতে হতে পারে।
দক্ষিণবঙ্গের কমবেশি সবজেলাই আগামী সাত দিন জুড়ে থাকবে বৃষ্টিপ্রবণ। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) সর্বশেষ বুলেটিন অনুসারে, কলকাতা সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই পরিস্থিতি চলবে ২৩ সেপ্টেম্বর তথা সোমবার সকাল থেকে ৩০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত।
কলকাতায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রথম চার দিন (২৩ থেকে ২৬ সেপ্টেম্বর) বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। একই অবস্থা হাওড়া ও হুগলির ক্ষেত্রেও বজায় থাকবে।
উত্তর ২৪ পরগনায় টানা সাত দিনই বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও দক্ষিণ ২৪ পরগনায় পরিস্থিতি আরও গুরুতর। এখানে প্রথম দিন থেকেই (২৩ সেপ্টেম্বর) একাধিক জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি পর্যন্ত) হতে পারে। এর পাশাপাশি বজ্রঝড় এবং ঝড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিন থেকেই বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া বইতে পারে, যার বেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কৃষিজীবী এবং উপকূলবর্তী অঞ্চলের মানুষের জন্য এটি বড় সতর্কবার্তা।
এই জেলাগুলিতেও বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বাঁকুড়ায় একাধিক স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়াতেও বজ্রঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মুর্শিদাবাদে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও বজ্রঝড়ের ঝুঁকি রয়েছে। একইভাবে নদিয়াতেও বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামী চার দিন।
বঙ্গোপসাগরের উত্তর অংশ এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে। বাতাসের বেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি হতে পারে। সমুদ্রের অবস্থা অশান্ত থাকায় এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি বাড়বে। গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে। জলাশয়ের সংস্পর্শ এড়াতে হবে।
সব মিলিয়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত ও বজ্রঝড় পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে উপকূলবর্তী জেলা ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে রাজ্যের প্রশাসন ও নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা, যাতে তারা সমুদ্রে না যান।