মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ফল বিক্রেতা বাবু কুণ্ডু। সকালে নেতাজিনগর এলাকা দিয়ে সাইকেলে করে যাওয়ার সময় জমা জলে বেসামাল হয়ে পড়েন। তাল সামলাতে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিপত্তি।

শেষ আপডেট: 23 September 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে বিপর্যয়। সোমবার রাতভর বৃষ্টিতে ভাসল শহর। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহর কলকাতাতেই মৃত্যু হল অন্তত পাঁচজনের।
মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ফল বিক্রেতা বাবু কুণ্ডু। সকালে নেতাজিনগর এলাকা দিয়ে সাইকেলে করে যাওয়ার সময় জমা জলে বেসামাল হয়ে পড়েন। তাল সামলাতে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিপত্তি। সঙ্গে সঙ্গে তড়িদাহত হয়ে ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রথম মৃত্যুর খবর আসে নেতাজিনগর থেকে। সেখানে জলের মধ্যে ভাসমান অবস্থায় উদ্ধার হয় ৭০ বছর বয়সি বাবু কুণ্ডুর দেহ। কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী বলেন, ’আমি কিয়স্কে ছিলাম, একজন এসে জানান, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, গিয়ে দেখলাম একজনের দেহ গলির মুখে পড়ে রয়েছে। তারপর থানা থেকে অফিসার এলেন, তখনও বুঝতে পারছি না কী কারণে মৃত্যু, আমরাও তো সেই জলেই দাঁড়িয়ে, কিন্তু দেহ তুলে নিয়ে আসার ঠিক আগে, যাওয়ার সময় দেখি একটি কুকুর ও দিকে যেতেই, সেটিও ওইভাবে পড়ে গেল।’
সকাল সাড়ে ছ’টা নাগাদ কালিকাপুর মোড়ের কাছে সাইকেল নিয়ে যাওয়ার সময় বছর ৫০ এর এক ব্যক্তি লুটিয়ে পড়েন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে মনে করা হচ্ছে। তাঁর দেহ তুলতেও বেগ পেতে হয় পুলিশকে। পরবর্তীতে দেহ তুলে নিয়ে যাওয়া হলেও সাইকেলটি দীর্ঘক্ষণ পড়েছিল রাস্তার উপর।
গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেসে একইভাবে এক ব্যক্তির মৃত্যু ঘটে। ভোরে ইকবালপুরের হোসেন সাহ রোডে প্রাণ হারান ৬০ বছর বয়সি জিতেন্দ্র সিংহ। রাস্তায় হেঁটে যাওয়ার সময় খোলা তারে বিদ্যুতের ছোবল খেয়ে লুটিয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পাশাপাশি, বেনিয়াপুকুরের সিআইটি রোডে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ সংলগ্ন জলমগ্ন এলাকায় উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। পুলিশের অনুমান, তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়েই প্রাণ হারিয়েছেন।
প্রতি বর্ষায় জলযন্ত্রণা নতুন কিছু নয়, কিন্তু এ বছর রাতভর কয়েক ঘণ্টার টানা বৃষ্টি কলকাতাকে যেন অতীতের বহু ভয়াবহ দিনের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক কালে এমন জলমগ্ন শহর তারা প্রায় মনে করতে পারছেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত, কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা অন্তত সাত।