অভিযুক্ত চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপাশি জাতীয় মেডিক্যাল কাউন্সিল (NMC)-র অ্যাসেসর বা মূল্যায়নকারী পদেও ছিলেন।

গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 27 May 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: ১০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সম্প্রতি সিবিআইয়ের (CB)হাতে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক (Doctor) তপন কুমার জানা। ইতিমধ্যে তাঁর কলকাতা, বর্ধমান ও কর্নাটকের বেলগাভির ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৪৪.৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা (CBI)।
সিবিআই সূত্রের খবর, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার উৎস খুঁজতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ, শুধু ঘুষের বিনিময়ে বিভিন্ন মেডিক্যাল কলেজের পরিকাঠামোগত রিপোর্ট তৈরিই নয়, অভিযুক্ত চিকিৎসক অপারেশন টেবিলে (Operation Table) রোগীদের কিডনিও পাচার করতেন (Kidney Smuggling)।
গোয়েন্দা সূত্রের খবর, সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এক প্রসূতির সিজার করেন অভিযুক্ত চিকিৎসক। অভিযোগ, হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ওই বধূ জানতে পারেন, তাঁর একটি কিডনি উধাও। ইতিমধ্যে ওই মহিলা পুলিশে অভিযোগও জানিয়েছেন। এঘটনায় চিকিৎসকের পাশাপাশি সংশ্লিষ্ট নার্সিংহোমের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অভিযুক্ত চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপাশি জাতীয় মেডিক্যাল কাউন্সিল (NMC)-র অ্যাসেসর বা মূল্যায়নকারী পদেও ছিলেন। দশ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে বাড়তি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
এরপরই গত রবিবার সিবিআইয়ের টোপে পা দেন ওই চিকিৎসক। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে তাঁকে পাকড়াও করেন গোয়েন্দারা। আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন অভিযুক্ত চিকিৎসক।