মোদীর কথায়, "সন্ত্রাসবাদ ওদের কাছে রুটি এবং মাখনের মতো! তাই ওরা যখন কিছুই করেনি, তখন আমি আমাদের সশস্ত্র বাহিনীকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য ফ্রি হ্যান্ড দিয়েছিলাম।"

প্রধানমন্ত্রী মোদী।
শেষ আপডেট: 26 May 2025 21:04
দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদের (Terrorism) প্রশ্নে পাকিস্তান (Pakistan) কেন, কাউকেই ভারত যে রেয়াত করবে না, তা আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটকদের হত্যার প্রসঙ্গে এদিন ফের পাকিস্তানকে নিশানা করে মোদী বলেন, "ভারত পর্যটনে বিশ্বাস করে। পর্যটন মানুষকে একত্রিত করে। কিন্তু পাকিস্তানের মতো একটি দেশ সন্ত্রাসবাদকে পর্যটন বলে মনে করে। এটি বিশ্বের জন্য একটি বড় হুমকি।"
এদিন গুজরাটের ভুজে একটি সমাবেশে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি ফের স্পষ্টভাষায় জানান, পহেলগামের ঘটনার পর পাকিস্তানকে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওরা ওই নৃশংস ঘটনার পরও জঙ্গিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।
মোদীর কথায়, "সন্ত্রাসবাদ ওদের কাছে রুটি এবং মাখনের মতো! তাই ওরা যখন কিছুই করেনি, তখন আমি আমাদের সশস্ত্র বাহিনীকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য ফ্রি হ্যান্ড দিয়েছিলাম।"
সন্ত্রাসের প্রশ্নে ভারত যে আগামী দিনেও জিরো টলারেন্স নিয়ে এগোবে তাও দ্ব্যর্থহীন ভাষায় জানান প্রধানমন্ত্রী। আগামীদিনেও হামলা করতে এলে ভারত যে চুপ করে বসে থাকবে না, প্রত্যাঘাত হবেই তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। অবিলম্বে সন্ত্রাসবাদে মদতের পথ থেকে সরে না এলে আগামীতে পাকিস্তানের জন্য যে বিশেষ সুখকর হবে না, তা জানিয়েছেন তিনি।
পহেলগামে জঙ্গি হামলার জবাবে ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই অপারেশন সিঁদুরের (Opertaion Sindoor) প্রসঙ্গ টেনে পাকিস্তানের উদ্দেশে মোদীর বার্তা, "সুখ চেন কি জিন্দেগি জিও, রোটি খাও, ওয়ার্না মেরি গলি তো হ্যায়ই!" অর্থাৎ হয় শান্তিতে বাঁচো, না হলে আমাদের বুলেট সবসময় প্রস্তুত রয়েছে!
পহেলগামের প্রসঙ্গ মনে করিয়ে বলেছেন. "যে আমাদের রক্তপাত করবে তারা একই রকম প্রতিক্রিয়া দেখতে পাবে। কোন মূল্যে তাদের রেহাই দেওয়া হবে না। অপারেশন সিন্দুর মানবতা রক্ষা এবং সন্ত্রাসবাদের অবসানের একটি মিশন।"