দ্য ওয়াল ব্যুরো : দেশে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে টুইটারে বিদ্রুপ করেছিলেন তরুণ আইএস অফিসার শাহ ফয়সল। হিন্দুস্তানকে বলেছিলেন 'রেপিস্তান'। সরকারি আমলা হয়ে এই ধরনের মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। শাহ ফয়সল বলেছেন, একটা গণতান্ত্রিক দেশে যে আইনে মানুষের মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তা ঔপনিবেশিক আমলকে মনে পড়িয়ে দেয়।
২০১১ সালে কাশ্মীর থেকে আইএস পরীক্ষায় সফল হয়েছিলেন শাহ ফয়সল। কাশ্মীর উপত্যকার যুবকদের সামনে রোল মডেল হিসাবে তুলে ধরা হয়েছিল তাঁকে। কিন্তু এবার তিনিই ওই ধরনের মন্তব্য করায় বিরূপ সমালোচনা করছেন অনেকে। একজন টুইটারে লিখেছেন, ওইরকম দেশবিরোধী মন্তব্য করার আগে আপনার চাকরি ছেড়ে দেওয়া উচিত ছিল।
ফয়সল তাঁকে পাল্টা প্রশ্ন করেছেন, আপনার কেন মনে হচ্ছে আমি দেশবিরোধী মন্তব্য করছি ?
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করেছেন ফয়সলের পক্ষে। তিনি লিখেছেন, কেউ বিদ্রুপ করলেই তার সততা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। মনে হয়, ফয়সলকে তাড়াতে পারলে অনেকে খুশি হবে।
ফয়সলের পক্ষে দাঁড়িয়েছেন অভিনেত্রী গুল পনাগ।
ফয়সলের আগেও সরকারের কোপে পড়েছেন একাধিক আমলা। ২০১৬ সালে মধ্যপ্রদেশের বারোয়ানি জেলার কালেক্টর অজয় সিং গঙ্গোয়ার ফেসবুকে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রশংসা করে বিপদে পড়েছিলেন। তাঁকে বদলি করে দেওয়া হয়েছিল।
২০১৮ সালের শুরুতে উত্তরপ্রদেশে বেরিলির জেলাশাসক ফেসবুকে লিখেছিলেন, সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দক্ষিণপন্থী হিন্দু সংগঠনগুলি দায়ী। তার পরে তাঁকে নিয়মভঙ্গের জন্য অভিযুক্ত করা হয়।